India vs West Indies 3rd ODI: হার্দিকের নেতৃত্বাধীন ভারত সিরিজ জয়ের মুখে, ওয়েস্ট ইন্ডিজের সামনে রানের পাহাড়
India vs West Indies 3rd ODI: রোহিত শর্মা ও বিরাট কোহলি দ্বিতীয় ওডিআইয়ের পর আজ তৃতীয় একদিনের আন্তর্জাতিকেও খেলছেন না। ভারতীয় টিম ম্যানেজমেন্ট শেই হোপের দলের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে পরীক্ষা-নিরীক্ষা।
দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে ব্যাটিং বিপর্যয়ের কারণে পরাজয়ের সম্মুখীন হতে হলেও আজ টারৌবায় সিরিজ নির্ণায়ক ম্যাচে রানের পাহাড় গড়ল ভারত। দুই ওপেনার ঈশান কিষাণ ও শুভমান গিলের পাশাপাশি অর্ধশতরান এসেছে সঞ্জু স্যামসন ও হার্দিক পাণ্ডিয়ার ব্যাট থেকে।

টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে ১৯.৪ ওভারে ১৪৩ রান যোগ করেন উইকেটকিপার ঈশান কিষাণ ও শুভমান গিল। পোর্ট অব স্পেন টেস্টে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেছিলেম ঈশান কিষাণ। প্রথম দুটি একদিনের আন্তর্জাতিকে তিনি করেছিলেন যথাক্রমে ৫২ ও ৫৫। এদিন ফের হাফ সেঞ্চুরি পেলেও শতরান মাঠে ফেলে এলেন।

আটটি চার ও তিনটি ছয়ের সাহায্যে কিষাণ ৬৪ বলে ৭৭ রানের ইনিংস খেললেন। ১১টি চারের সাহায্যে ৯২ বলে ৮৫ রান করলেন শুভমান গিল। গিলের ব্যাটে রান আশায় স্বস্তি পেল টিম ম্যানেজমেন্ট। ঋতুরাজ গায়কোয়াড় অবশ্য সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ। তিনি তিনে নেমে ১৪ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন। চারে নেমে সঞ্জু স্যামসন ২টি চার ও চারটি ছক্কার সাহায্যে করলেন ৪১ বলে ৫১।
অধিনায়কোচিত ইনিংস খেললেন হার্দিক পাণ্ডিয়া। তিনি পাঁচে ব্যাট করতে নামেন। চারটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে হার্দিক ৫২ বলে ৭০ রান করে অপরাজিত রইলেন। ২টি করে চার ও ছয়ের সাহায্যে সূর্যকুমার যাদব করলেন ৩০ বলে ৩৫ রান। রবীন্দ্র জাদেজা ৭ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেট জুটিতে ওঠে ৫৩ বলে ৬৯।

সূর্য-হার্দিকের পঞ্চম উইকেট জুটিতে এসেছে ৪৯ বলে ৬৫। জাড্ডু ও হার্দিকের অবিচ্ছেদ্য জুটিতে ১৯ বলে ৪২ রান ওঠে। ভারত ৫ উইকেট হারিয়ে ৩৫১ রান তুলেছে। রোমারিও শেফার্ড দুটি এবং আলজারি জোসেফ, গুডাকেশ মোতি ও ইয়ান্নিক কারিয়া পেলেন ১টি করে উইকেট।
রান পেয়ে খুশি সঞ্জু স্যামসন। তিনি বলেন, বার্বাডোজের কেনসিংটন ওভালের পিচ স্যাঁতসেঁতে ছিল। তবে আজকের উইকেট শুষ্ক থাকায় বল প্রথম দিকে ব্যাটে ভালো আসছিল। বল পুরানো হতে স্পিনারদের খেলতে কিছুটা অসুবিধা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় যে কোনও পজিশনে মানিয়ে নিতে তিনি প্রস্তুত বলে জানান সঞ্জু।
তাঁর কথায়, আলাদা বোলারদের জন্য আলাদা পরিকল্পনা ছিল। পায়ের সঠিক ব্যবহার করে বোলারদের লেংথ নষ্ট করার মানসিকতা নিয়েই নেমেছিলেন।












Click it and Unblock the Notifications