India vs WI 3rd T20I: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে হার্দিকরা, ভারতীয় দলে অভিষেক যশস্বীর?
India vs WI 3rd T20I Preview: সিরিজ পাঁচ ম্যাচের। শেষ দুটি খেলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ফলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কালই শেষ ম্যাচ খেলতে নামছে হার্দিক পাণ্ডিয়ার ভারত। ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এগিয়ে ২-০ ব্যবধানে।
বিশ্বের ১ নম্বর টি ২০ দল ভারত নিশ্চিতভাবেই মরিয়া সিরিজ জিইয়ে রাখতে। সিরিজ জিততে হার্দিকদের কাছে সব ম্যাচই ডু অর ডাই। ভারতীয় একাদশে ব্যাটিং বিভাগে রদবদলের সম্ভাবনা রয়েছে।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গতকাল যে পিচে খেলা হয়েছে সেটি ছিল মন্থর। স্পিনাররা সাহায্য পেয়েছেন। তৃতীয় ম্যাচেও পরিস্থিতি বদলের সম্ভাবনা নেই বললেই চলে। গতকালের ম্যাচের পর ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বলেছিলেন, ব্যাটিং সন্তোষজনক হয়নি। লাগাতার উইকেট হারিয়েছি আমরা। মন্থর পিচ হলেও ১৬০-এর উপর রান তোলা উচিত ছিল বলে উপলব্ধি হার্দিকের।
হার্দিক আরও বলেন, নিকোলাস পুরাণ যেভাবে ব্যাট করছিলেন তাতে ঘুরিয়ে-ফিরিয়ে স্পিনারদের আনা কঠিন ছিল। সাতজন বিশেষজ্ঞ ব্যাটার নিয়ে খেলছে ভারত। আট, নয় ও দশ নম্বরে কারা ভালো ব্যাট করতে পারেন সেই বোলারদের চিহ্নিত করাই ভারতের এখন প্রধান চ্যালেঞ্জ। তবে ব্যাটারদের থেকে আরও দায়বদ্ধতা আশা করছেন হার্দিক।
তিলক বর্মার ব্যাটিংয়ের প্রশংসা করে হার্দিক বলেন, এমন বাঁহাতি ব্যাটার চার নম্বরে জরুরি। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনে খেলার জন্য। হার্দিক তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস ও নির্ভীক ক্রিকেট খেলার দক্ষতার প্রশংসা করেছেন। তাতেই ইঙ্গিত মিলছে কালকের ম্যাচে ভারতীয় ব্যাটিং লাইন আপে রদবদলের। চলতি বছরে ঈশান কিষাণের ৮টি টি ২০ আন্তর্জাতিকে ব্যাটিং গড় মাত্র ১২.১২।
সঞ্জু স্যামসন একাদশে রয়েছেন। ফলে দুই উইকেটকিপার রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে। কালকের ম্যাচে ঈশান কিষাণকে বসিয়ে যশস্বী জয়সওয়ালের টি ২০ আন্তর্জাতিক অভিষেক ঘটানো হতে পারে। সঞ্জু স্যামসনের সামনেও অগ্নিপরীক্ষা হতে চলেছে এই সফর। অক্ষর প্যাটেলকে দিয়ে কেন হার্দিক বোলিং করাচ্ছেন না সেই প্রশ্ন উঠছে।

কুলদীপ যাদব নেটে চোট পাওয়ায় দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি। তিনি কামব্যাক করতে পারেন। সেক্ষেত্রে রবি বিষ্ণোই বাদ পড়বেন। ওয়েস্ট ইন্ডিজ ধরে রাখতে পারে উইনিং কম্বিনেশন। রভম্যান পাওয়েলরা সিরিজ পকেটে পুরে ফেলতে মরিয়া। ২০১৬ সালের পর কোনও ফরম্যাটে ভারতের বিরুদ্ধে সিরিজ জেতেনি ক্যারিবিয়ানরা। ২০১৭-র পর টানা দুটি টি ২০ সিরিজ জেতার হাতছানিও পাওয়েলদের সামনে।
পিচের চরিত্রগত তফাত হবে না বলেই মনে করা হচ্ছে। আকাশ মেঘলা থাকতে পারে। দুপুরের পর বৃষ্টির সম্ভাবনাও থাকছে।
ভারতের সম্ভাব্য একাদশ- শুভমান গিল, ঈশান কিষাণ বা যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, মুকেশ কুমার।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ- ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, জনসন চার্লস (উইকেটকিপার), নিকোলাস পুরাণ, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল (অধিনায়ক), জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।












Click it and Unblock the Notifications