India vs WI Test: কোহলির শতরান, জাদেজা-অশ্বিনের হাফ সেঞ্চুরি, ওঃ ইন্ডিজের বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত
India vs West Indies 2nd Test: ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল ভারত। দ্বিতীয় দিনের চা বিরতির আগে প্রথম ইনিংস শেষ হলো ৪৩৮ রানে।
ডমিনিকা টেস্টের চেয়ে ভালো পারফরম্যান্স উপহার দিতে না পারলে হার বাঁচানোই শক্ত ক্রেগ ব্রাথওয়েটের দলের পক্ষে। আজ টেস্টের দ্বিতীয় দিনে বিরাট কোহলি শতরান হাঁকালেন। অর্ধশতরান এসেছে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট থেকেও।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৩৯ রানে প্রথম উইকেট পড়ার পর একটা সময় স্কোর দাঁড়িয়েছিল ৪ উইকেটে ১৮২। সেখান থেকে হাল ধরেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৮৪ ওভারে ৪ উইকেটে ২৮৮। সেখান থেকে ভারত পৌঁছল ১২৮ ওভারে ৪৩৮ রানে।

পঞ্চম উইকেট জুটিতে ২৮৬ বলে ১৫৯ রানের পার্টনারশিপ গড়েন বিরাট ও জাদেজা। ১১টি চারের সাহায্যে বিরাট করেন ২০৬ বলে ১২১ রান। তিনি রান আউট হন। নন স্ট্রাইকিং এন্ডে আলজারি জোসেফের থ্রো ভেঙে দেয় উইকেট। বিরাট দলের ৩৪১ রানের মাথায় আউট হন। রবীন্দ্র জাদেজার উইকেট পড়ে ৩৬০ রানের মাথায়।

জাদেজা ১৫২ বলে ৬১ রান করে কেমার রোচের বলে কট বিহাইন্ড হন, তিনি মেরেছেন পাঁচটি চার। ঈশান কিষাণ চারটি চারের সাহায্যে করেন ৩৭ বলে ২৫, তিনি জেসন হোল্ডারের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন দলের ৩৯৩ রানের মাথায়। জয়দেব উনাদকাট ৭ রান করে জোমেল ওয়ারিকানের বলে স্টাম্প আউট হন ৭ রানে। মহম্মদ সিরাজ শূন্য রানে ওয়ারিকানের বলে লেগ বিফোর হন।
৭৫ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ৭৮ বলে ৫৬ রান করে আউট হন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ৮টি চার মেরেছেন। অশ্বিন আউট হতেই ভারতীয় ইনিংসে যবনিকা পতন ঘটে। মুকেশ কুমার অভিষেক টেস্টে ১ বলে ০ রানে অপরাজিত থাকেন। রোচ ও ওয়ারিকান তিনটি করে, জেসন হোল্ডার ২টি ও শ্যানন গ্যাব্রিয়েল একটি উইকেট দখল করেন।












Click it and Unblock the Notifications