Ind vs WI Test: রোহিত ও যশস্বীর অর্ধশতরান, ব্যর্থ গিল-রাহানে! ওয়েস্ট ইন্ডিজ লড়াইয়ে ফিরল, ভারতের ভরসা বিরাট
Ind vs WI Test: ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্টে ভালোই লড়াই চালাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় সেশনে ভারতের চার উইকেট তুলে নিয়েছে ক্রেগ ব্রাথওয়েটের দল।
কুইন্স পার্ক ওভালে টস জিতে ফিল্ডিং নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটিতে ওঠে ১৩৯ রান। চা বিরতিতে স্কোর গিয়ে দাঁড়িয়েছে ৪ উইকেটে ১৮২। দ্বিতীয় সেশনে মাত্র ৬১ রান তুলেছে ভারত।

ডমিনিকার পর ত্রিনিদাদেও যশস্বীকে নিয়ে রোহিত ওপেন করতে নামেন এবং ওপেনিং জুটিতে শতাধিক রানের পার্টনারশিপ গড়েন। লাঞ্চের ঠিক আগে জেসন হোল্ডারের বলে স্লিপে অ্যালিক আথানেজ যশস্বীর সহজ ক্যাচ ফেলেন। সেই জীবন পাওয়ার পর অবশ্য খুব বেশি দূর এগোতে পারেননি যশস্বী।
ভারতের রান তোলার গতিও ভালোই ছিল। ১০.৪ ওভারে ৫০ ও ২০.৫ ওভারে ১০০ রান এসে যায়। মধ্যাহ্নভোজের বিরতিতে স্কোর ছিল ২৬ ওভারে ১২১। রোহিত শর্মা ৬৩ ও যশস্বী ৫২ রানে অপরাজিত ছিলেন। পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে রোহিত ৭৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন। যশস্বী ৮টি চার ও একটি ছয়ের সাহায্যে অর্ধশতরান পান ৪৯ বল খেলে।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়ে যখন অনেকেই সংশয়ী, তখনই দ্বিতীয় সেশনে প্রত্যাঘাত ক্যারিবিয়ান বাহিনীর। ৩১.৪ ওভারে ১৩৯ রানের মাথায় ফেরেন যশস্বী, হোল্ডারের শিকার হয়েই। ৯টি চার ও ১টি ছয় দিয়ে সাজানো ৭৪ বলে ৫৭ রানের ইনিংস। ৩৫.৪ ওভারে ১৫৩ রানের মাথায় আউট শুভমান গিল।
গিল কট বিহাইন্ড হন কেমার রোচের বলে। ২টি চারের সাহায্যে করেন ১২ বলে ১০। ডমিনিকা টেস্টে তিনি করেছিলেন ৬ রান। ৩৮.৫ ওভারে ১৫৫ রানে ভারত তৃতীয় উইকেট হারায়। অধিনায়ক রোহিত শর্মা শতরান থেকে ২০ রানে দূরেই থামলেন। ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৪৩ বলে ৮০ রান করে তিনি বোল্ড হন জোমেল ওয়ারিকানের বলে।
সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে প্রথম টেস্টে ১১ বলে ৩ রান করেছিলেন। এদিন তিনি বোল্ড হলেন শ্যানন গ্যাব্রিয়েলের বলে। ৩৬ বলে করলেন মাত্র ৮, কোনও বাউন্ডারি মারতে পারেননি। চা বিরতিতে বিরাট কোহলি ৪৪ বলে ১৮ রানে অপরাজিত রয়েছেন। নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে ভারতকে ভালো জায়গায় নিয়ে যেতে বিরাটই ভরসা।
ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকান ও জেসন হোল্ডার একটি করে উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications