India vs West Indies: বৃষ্টি বাঁচাল ওয়েস্ট ইন্ডিজকে, ত্রিনিদাদ টেস্ট ড্র! ভারত নামল দুইয়ে, পাকিস্তান শীর্ষে
India vs West Indies: ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টটি ড্র হয়ে গেল। দফায় দফায় বৃষ্টির জেরে পঞ্চম দিনে একটি বলও খেলা হয়নি।
রোহিত শর্মার ভারত দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতল। যদিও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মূল্যবান ৮ পয়েন্ট খোয়াল ভারত। যার জেরে আপাতত লাভবান হলো পাকিস্তান।

শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের জেতার জন্য দরকার ছিল ২৮৯ রান, ভারতের প্রয়োজন ছিল ৮ উইকেট। পুরো খেলা হলে ভারতের জয় পেতে যে অসুবিধা হতো না সেটা এই সিরিজের সামগ্রিক পারফরম্যান্সের নিরিখে বলাই যায়। ক্রেগ ব্রাথওয়েটের দলকে ভারত ৩৬৫ রানের টার্গেট দিয়েছিল। চতুর্থ দিনের শেষে ৩২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ২ উইকেটে ৭৯।
রোহিত শর্মা বলেন, প্রতিপক্ষকে এমন টার্গেট দিয়েছিলাম যাতে তারা একটা বা দুটি পার্টনারশিপ গড়লে জয় সম্ভব এই ভাবনা নিয়ে খেলে। পিচে খুব বেশি বল ঘুরছিল তা নয়। তবুও জেতার বিষয়ে আত্নবিশ্বাসী ছিলাম। ব্যাটারদের শট খেলতে প্রলুব্ধ করে উইকেট তোলাই আমাদের লক্ষ্য ছিল। কিন্তু বৃষ্টিতে দুর্ভাগ্যজনকভাবে শেষ দিন খেলা হলো না। এতে কারও নিয়ন্ত্রণ নেই।
ভারত অধিনায়কের কথায়, সব জয়ই আলাদা। সব জায়গায় আলাদা চ্যালেঞ্জ। ডমিনিকাতে জেতার পর এখানে ভালো খেলেছি। বিরাট কোহলি দারুণ ব্যাট করেছেন প্রথম ইনিংসে। যখন ইনিংস গড়তে হয় তখন এমন ইনিংসেরই প্রয়োজন হয়। টেস্ট ক্রিকেট বদলেছে। ফলে যখন দ্রুত রান তুলতে হয় তখন ঈশান কিষাণের মতো ব্যাটিং জরুরি।

দলে তরুণ ক্রিকেটাররা যেভাবে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকেন তাতেও সন্তুষ্ট রোহিত। ব্যাটিং বিভাগের গভীরতা, বৈচিত্র্য, ব্যাটিং লাইন আপে বাঁহাতিদের উপস্থিতি রোহিতকে আত্মবিশ্বাসী করেছে। তিনি বলেন, ফলাফল যা-ই হোক আমি সব সময় তিন বিভাগেই উন্নতি করা পছন্দ করি। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কেমন বোলিং হচ্ছে, কোন মানসিকতা নিয়ে ব্যাট করতে হয় তা গুরুত্বপূর্ণ।

ম্যাচের সেরা হয়ে খুশি মহম্মদ সিরাজ। রোহিতের মুখেও শোনা গিয়েছে সিরাজের প্রশংসা। তিনি বলেন, সিরাজকে ২-৩ বছর ধরে খুব কাছ থেকে দেখছি। নিজেকে ক্রমাগত উন্নত করে চলেছেন সিরাজ। জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামির অনুপস্থিতিতে ভালো বোলিং করেছেন। আমি কোনও দু-একজনের উপর নির্ভর করতে চাই না। সবাই যাতে বল হাতে নেতৃত্ব দেন সেটাই চাই।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে আগাগোড়া ভালো খেলেও ফাইনালে হারের আক্ষেপ রয়েছে রোহিতের। তবে বর্তমান দল নিয়ে তিনি ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আত্মবিশ্বাসী। এই টেস্ট ড্র হওয়ার ফলে ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার দুইয়ে নেমে গেল। পাকিস্তান চলে গেল শীর্ষে।
ভারতের ২টি টেস্টে ১টি জয়, ১টি ড্র। পয়েন্ট ১৬, সাফল্যের শতকরা হার ৬৬.৬৭ শতাংশ। পাকিস্তান একটি টেস্টে একটিই জিতেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ভালো জায়গায়। অস্ট্রেলিয়া চলে গেল তিনে, ইংল্যান্ড চারে। পাঁচে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টেস্ট জিতলে ১২ পয়েন্ট সংগ্রহ করতে পারতো।












Click it and Unblock the Notifications