Ind vs WI Test: বিরাটের ৫০০তম ম্যাচে মুকেশের অভিষেক, শততম টেস্টে ভারতকে ব্যাট করতে পাঠাল ওয়েস্ট ইন্ডিজ
India vs West Indies 2nd Test: বাংলার পেসার মুকেশ কুমারের টেস্ট অভিষেক হলো ত্রিনিদাদে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শততম টেস্টটি পোর্ট অব স্পেনে শুরু হলো আজ।
এই টেস্টটি আবার বিরাট কোহলির ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের একাদশেই রদবদল হয়েছে।

বিহারের গোপালগঞ্জে জন্ম মুকেশের। কলকাতায় ক্লাব ক্রিকেট খেলে বাংলা দলে সুযোগ। ওয়ানইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মুকেশ গত বছর জানিয়েছিলেন, তাঁর পূর্বসূরীরা কলকাতায় থাকতেন। সিএবির ভিশন ২০২০-র জন্য এই জায়গায় পৌঁছতে পেরেছেন। কৃতিত্ব দিয়েছেন রণদেব বোস, জয়দীপ মুখোপাধ্যায়কে।
বাংলার অনূর্ধ্ব ২৩ দলের তৎকালীন কোচ সৌরাশিস লাহিড়িও রয়েছেন মুকেশের উত্থানের পিছনে। অনেক বাধা পেরিয়ে আজ ২৯ বছর ২৮১ দিনের মাথায় আন্তর্জাতিক অভিষেক মুকেশের। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও খেলেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় মুকেশকে সিএবিতে রেখে ভালো পেসার হতে প্রয়োজনীয় খাবারের বন্দোবস্ত করেছিলেন। ফলে দাদার সাপোর্ট ভুলবেন না মুকেশ।

মুকেশের ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচে ১৪৯ উইকেট রয়েছে। লিস্ট এ ম্যাচ খেলেছেন ২৪টি নিয়েছেন ২৬ উইকেট। ৩৩টি টি ২০ ম্যাচে ৩২ উইকেট রয়েছে। আজ টেস্ট শুরুর আগে দুই অধিনায়ক রোহিত শর্মা ও ক্রেগ ব্রাথওয়েটের হাতে দুই দেশের মধ্যে শততম টেস্টের বিশেষ স্মারক তুলে দেওয়া হয়।
ভারতের মুকেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষেক হয়েছে কার্ক ম্যাকেঞ্জির। বিশ্বের দশম ক্রিকেটার হিসেবে ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন বিরাট কোহলি। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিং নেয়।
রোহিত শর্মা বলেন, টস জিতলে আমি ব্যাটিং নিতাম। পিচ পরের দিকে মন্থর হতে পারে। কুঁচকির চোটের কারণে শার্দুল ঠাকুর খেলছেন না। দলে একটিই পরিবর্তন। মুকেশের অভিষেক হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বৈরথে গ্রেট ফাস্ট বোলারদের সামলেছেন। এখনও ফলাফল নিশ্চিত করা বা রান তোলা সহজ নয়। ইতিবাচক নানা বিষয় মাথায় রেখেই বাজিমাত চাইছেন হিটম্যান।












Click it and Unblock the Notifications