India vs South Africa: দক্ষিণ আফ্রিকায় দেখা নেই গিল-জাদেজার! কবে দলের সঙ্গে যোগ দেবেন দুই তারকা ক্রিকেটার?
ভারতীয় দলের মিশন এবার দক্ষিণ আফ্রিকা। দেশের মাঠে টি ২০ সিরিজে অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়ে ম্যান্ডেলার দেশে এসেছে ভারতীয়। একমাসের এই সফরে প্রোটিয়াদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজই খেলবে ভারত। ইতিমধ্যেই ভারতীয় দলের সদস্যরা পৌঁছে গিয়েছেন দক্ষিণ আফ্রিকাতে। কিন্তু দলের সঙ্গে যাননি রবীন্দ্র জাদেজা এবং শুভমান গিল। অথচ টি ২০ সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াডে এই দুই ক্রিকেটারের নাম রয়েছে।
ডিসেম্বর মাস জুড়ে ভারতীয় দলের আফ্রিকান সাফারি। আগামী ১০, ১২ এবং ১৪ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ ম্যাচ খেলবে ভারত। এরপর রয়েছে তিনটি একদিনের সিরিজ এবং দুটি টেস্ট ম্যাচ। একদিনের সিরিজ থেকে গিল এবং জাদেজাকে বিশ্রাম দেওয়া হলেও টি ২০ এবং টেস্টের দলে রাখা হয়েছে।এমনকি টি ২০ দলের সহ অধিনায়ক আবার জাদেজা।

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের খবর, জাদেজা ছুটি কাটাতে ইউরোপে গিয়েছেন। এমনকি লন্ডনে বন্ধুদের সঙ্গে ছুটির মুডে দেখা গিয়েছে শুভমানকে। যদিও দুই ক্রিকেটারই যথাসময়ে দক্ষিণ আফ্রিকা পৌঁছে যাবেন বলে বোর্ড সূত্রে জানানো হয়েছে। এমনকি আগামী ১০ ডিসেম্বর প্রথম টি ২০ ম্যাচে দুই তারকাই প্রথম একাদশে থাকবেন বলে বোর্ডের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।
পাশাপাশি বাড়িতে সমস্যার জন্য দীপক চাহারও দলের সঙ্গে পরে যোগ দেবেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দলে থাকলেও, শেষ ম্যাচের আগে বাড়ি ফিরে আসতে হয় দীপককে।সিএসকে পেসারও দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যাননি।
টি ২০ এবং একদিনের সিরিজের পাশাপাশি দুটি টেস্ট ম্যাচও হবে। ২৬ ডিসেম্বর অর্থ্যাত বক্সিং ডে-তে সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট শুরু হবে। নতুন বছরের শুরুতেই কেপটাউনে হবে দ্বিতীয় টেস্ট।সাদা বলের সিরিজে বিশ্রামে দেওয়া হয়েছে রোহিত এবং বিরাটকে। তাঁরা ফিরবেন সরাসরি টেস্ট ম্যাচে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই দুটি টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার কাছে।এর আগেই দুইবার ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে। তবে ট্রফি জয় অধরাই থেকে গিয়েছে।












Click it and Unblock the Notifications