অনবদ্য ব্যাটিং কোহলি-রাহানে জুটির, আপাতত ৪০৩ রানে এগিয়ে ভারত
নয়াদিল্লি, ৫ ডিসেম্বর : তৃতীয় দিনের শেষে ভারতের রান ১৯০/৪। এদিন মোট ৮১ ওভার খেলা হল। ওপেনাররা ভালো শুরু দিতে না পারায় প্রথমে চাপে পড়ে গিয়েছিল ভারত। মুরলী বিজয় (৩) আউট হওয়ার পরের বলেই আউট হন রোহিত শর্মা (০)। শিখর ধাওয়ানকে (২১) সঙ্গে নিয়ে চেতেশ্বর পূজারা ইনিংস (২৮) গড়ার কাজ শুরু করেছিলেন তবে তিনিও বেশিক্ষণ টিঁকলেন না।
এরপর নামেন অধিনায়ক কোহলি (অপরাজিত ৮৩) ও প্রথম ইনিংসে শতরানকারী অজিঙ্ক রাহানে (অপরাজিত ৫২)। দুজনেই শেষ পর্যন্ত দিনের শেষে অপরাজিত থাকেন। আপাতত ভারতের লিড ৪০৩ রানের। আগামিকাল কোহলি কখন ইনিংস ডিক্লেয়ার দেন আপাতত সেটাই এখন দেখার।
নয়াদিল্লি, ৪ ডিসেম্বর : বৃহস্পতিবার অপরাজিত থাকার পরে এদিন খেলতে নেমে শতরান তুলে নিলেন অজিঙ্ক রাহানে (১২৭)। তাঁকে সঙ্গ দেন রবিচন্দ্রণ অশ্বিন (৫৬)। ভারতের রান শেষ হয় ৩৩৪ রানে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২১ রানেই শেষ দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৫ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। এছাড়া অশ্বিন ও উমেশ যাদব ২টি ও ইশান্ত শর্মা ১টি উইকেট নেন।
নয়াদিল্লি, ৩ ডিসেম্বর : পিচ নিয়ে এই সিরিজ জুড়েই বিতর্ক চলেছে। আর তার মাঝেই শেষ টেস্টে নয়া রেকর্ড করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সিরিজের সবকটি টেস্টে টসে জিতলেন।
এদিন টসে জিতে ব্যাটিং নেয় ভারত। সকালে সাবধানী শুরু করেন দুই ওপেনার মুরলী বিজয় ও শিখর ধাওয়ান। তবে দলের ৩০ রানের মাথায় নবাগত স্পিনার ড্যান পিটের স্পিন বলে স্লিপে দাঁড়ানো হাশিম আমলার হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিজয় (১২ রান)।

এরপর ধাওয়ান ও পূজারা ইনিংসে এগিয়ে নিয়ে যেতে থাকেন। প্রথম দিন মধ্যাহ্ন ভোজ পর্যন্ত ভারতের রান ছিল ৬০/১। তবে এরপরই বিপর্যয় শুরু হয়। পরপর ধাওয়ান (৩৩ রান) ও পূজারা (১৪ রান) ফিরে যান সাজঘরে। তখন ভারতের রান ৬৬/৩।
এরপর ফের ইনিংসের হাল ধরেন অধিনায়ক বিরাট (৪৪ রান) ও অজিঙ্ক রাহানে (অপরাজিত ৮৯ রানে)। তবে কোহলি ফিরতেই ফের একপ্রস্থ বিপর্যয় নেমে আসে। পরপর ফিরে যান রোহিত (১ রান), ঋদ্ধিমান (১ রান)। ভারতের রান দাঁড়ায় ১৩৯/৬।
সেখান থেকে প্রথমে রবীন্দ্র জাদেজা (২৪ রান) ও পরে রবিচন্দ্রণ অশ্বিনকে (অপরাজিত ৬ রানে) সঙ্গে নিয়ে ইনিংসে দুশোর ওপারে টেনে নিয়ে যান রাহানে। সব ধাক্কা সামলে প্রথমদিনের শেষে ভারতের রান ২৩১/৭।
আপাতত যা অবস্থা তাতে অসমান বাউন্সের এই পিচে বল কোনদিকে মুভ করবে তা বোঝা বেশ কঠিন হচ্ছে। দিনের প্রথম দু'ঘণ্টার মধ্যেই কাইল অ্যাবটের বল রিভার্স সুইং হতে শুরু করেছে। অন্যদিকে প্রোটিয়া স্পিনাররা টার্নও পাচ্ছেন।
এদিন অ্যাবট ৩ উইকেট পেয়েছেন। অন্যদিকে নবাগত স্পিনার ড্য়ান পিট ৪ উইকেট পেয়েছেন। আগামিকাল টেলএন্ডারদের সঙ্গে নিয়ে স্কোরকে আড়াইশো টপকানোই প্রথম লক্ষ্য রাহানের। এরপর যতটা স্কোর বাড়ানো যাবে প্রোটিয়াদের উপরে চাপ ততই বাড়বে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications