IND vs SA ODIs: বিশ্বকাপ ফাইনালের পর ওডিআইয়ে নামছে ভারত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেমন হবে একাদশ?
IND vs SA ODIs: দক্ষিণ আফ্রিকায় টি ২০ সিরিজ ড্র রেখেছে ভারত। আগামী বছর টি ২০ বিশ্বকাপ। চলতি মাস থেকে মার্চ অবধি সাতটি টেস্ট ম্যাচ রয়েছে ভারতের। এই পরিস্থিতিতে অগ্রাধিকারের তালিকায় ওডিআই ভারতের কাছে তিন নম্বরে।
তবুও টেস্ট সিরিজের আগে প্রোটিয়াদের দেশে ওডিআই সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে ভারত। কাল জোহানেসবার্গে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের সেমিফাইনালে ইডেনে অস্ট্রেলিয়ার কাছে হেরে দক্ষিণ আফ্রিকার কাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল। ভারত ফাইনালে উঠলেও সেই অজিদের কাছেই পরাস্ত হয়। ওডিআই বিশ্বকাপ হবে চার বছর পর। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও রয়েছে। বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও ধীর লয়েই ঘুরে দাঁড়ানো লক্ষ্য দুই দলের কাছেই।
দুই দলেরই বেশ কয়েকজন তারকা এই সিরিজে খেলবেন না। তরুণ ক্রিকেটারদের সামনে বড় সুযোগ নিজেদের প্রমাণ করার। দক্ষিণ আফ্রিকা দলে এমন পাঁচজন ক্রিকেটার রয়েছেন যাঁরা ১০টি বা তার কম ওডিআই খেলেছেন। ভারতীয় দলে সেই সংখ্যাটা ৯। লোকেশ রাহুল ভারতকে নেতৃত্ব দেবেন। প্রোটিয়াদের নেতৃত্বে এইডেন মার্করাম।
স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতার বার্তা দিতে দক্ষিণ আফ্রিকা খেলবে গোলাপি জার্সি পরে। গ্যালারির রংও থাকবে গোলাপি। ওয়ান্ডারার্সে হাই স্কোরিং ম্যাচই হয়ে থাকে। শেষ চারটির মধ্যে তিনটিতেই প্রথম ইনিংসে ৩০০-র বেশি রান উঠেছে। বৃষ্টির আশঙ্কা নেই। মেঘমুক্ত আকাশ থাকার পূর্বাভাস রয়েছে। সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস।
২০১৩-১৪ ও ২০১২-২২ মরশুমে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ভারতকে ওডিআই সিরিজে হারিয়েছে যথাক্রমে ২-০ ও ৩-০ ব্যবধানে। ২০১৭-১৮-র সিরিজ অবশ্য ভারত জিতেছিল ৫-১ ব্যবধানে। ভারতীয় দলে কাল ওডিআই অভিষেক হতে পারে রিঙ্কু সিং ও বি সাই সুদর্শনের। প্রোটিয়া শিবিরের নান্দ্রে বার্গার কাল কেরিয়ারের প্রথম ওডিআই খেলতে পারেন।
ভারতের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড়, বি সাই সুদর্শন, তিলক বর্মা, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সঞ্জু স্যাসমন বা রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, আবেশ খান, কুলদীপ যাদব, মুকেশ কুমার।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- রিজা হেন্ডরিকস, টনি ডি জোররিজ, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, আন্ডিল ফেহলাকওয়াইও, উইয়ান মুল্ডার, নান্দ্রে বার্গার, কেশব মহারাজ বা তাবরেজ শামসি, লিজাড উইলিয়ামস।












Click it and Unblock the Notifications