ICC ODI WC: ভারত-পাকিস্তান ম্যাচ কি হবে কলকাতায়? বিশ্বকাপের সূচি কবে প্রকাশ করবে আইসিসি?
ICC ODI World Cup 2023 India vs Pakistan: আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে সবকিছু ঠিকঠাক থাকলে যবনিকা পতন হবে কালই। তারপরই শুরু বিশ্বকাপের কাউন্টডাউন। আইসিসি জানিয়েছিল, দ্রুতই ক্রীড়াসূচি প্রকাশের কথা।
বিসিসিআইয়ের সূত্রকে উল্লেখ করে ইনসাইডস্পোর্টের প্রতিবেদনে উল্লেখ করা হলো, সোমবারের মধ্যেই বিশ্বকাপের সূচি জনসমক্ষে আনা হবে। সূচি প্রায় তৈরি। চূড়ান্ত হয়ে যাবে আইসিসি ও বিসিসিআইয়ের কর্তাদের বৈঠকেই।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীনই আইসিসির সঙ্গে বিসিসিআই কর্তাদের আলোচনা হওয়ার কথা। তারপরই সূচি প্রকাশ। এশিয়া কাপ নিয়ে বিসিসিআই ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে মতানৈক্য চলছে সে কারণেই আইসিসি বিশ্বকাপের সূচি প্রকাশে দেরি হচ্ছে বলে জানা যাচ্ছে।
ভারত এশিয়া কাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। আইসিসি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে দুই দেশের বোর্ডের সঙ্গে কথা বলছে। জানা যাচ্ছে, আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলেকে পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি বলেছেন, এশিয়া কাপের হাইব্রিড মডেল মেনে নিতে বিসিসিআইকে অনুরোধ করতে।

হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানে খান চারেক ম্যাচ হোক। ভারতের ম্যাচগুলি-সহ বাকি ম্যাচগুলি হোক অন্য দেশে। যদিও বিসিসিআই অন্য দেশের বোর্ডগুলিকে রাজি করিয়ে ফেলেছে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলার জন্য। সেক্ষেত্রে পাকিস্তান এশিয়া বয়কটের পথে হাঁটতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা। বোর্ড সচিব জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি।
পাকিস্তান অবশ্য বিশ্বকাপ বয়কটের কোনও কথা আইসিসিকে সরকারিভাবে বলেনি। শুধু বলেছে, একমাত্র সেমিফাইনাল বা ফাইনাল বাদে অন্য কোনও ম্যাচ আমেদাবাদে খেলতে রাজি নয় পাকিস্তান। তাদের ম্যাচগুলি কলকাতা, চেন্নাই ও বেঙ্গালুরুতে দেওয়ার অনুরোধ করা হয়েছে আইসিসিকে। তবে বিশ্বকাপ খেলা নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের উপর।

বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল জয় শাহের। পাকিস্তান বেঁকে বসায় সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আইসিসি পাকিস্তানের ম্যাচগুলি কোথায় হবে তা নিয়ে আলোচনা করেই চূড়ান্ত সূচি প্রকাশ করবে।
২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল ইডেনে। ২০১১ সালের বিশ্বকাপে হয়েছিল মোহালিতে। এবার মোহালি বিশ্বকাপ আয়োজনের স্টেডিয়ামের তালিকায় নেই। এই পরিস্থিতিতে ভারত-পাক ম্যাচ আয়োজনের দৌড়ে এগিয়ে চেন্নাই। যদিও পরিস্থিতি বদলে যেতে পারে যে কোনও মুহূর্তেই।

ক্রিকেটারদের নিরাপত্তার কারণ দেখিয়েই পাকিস্তান আমেদাবাদে খেলতে অস্বীকার করছে। অবশ্য সেমিফাইনাল বা ফাইনাল খেলবে। পিসিবির সেই দাবি মেনে, তাদের ম্যাচগুলি কলকাতা, চেন্নাই ও বেঙ্গালুরুতেই দিতে চলেছে আইসিসি












Click it and Unblock the Notifications