IND vs NZ: বৃষ্টির চোখরাঙানি নিয়েই ভারত-নিউজিল্যান্ড টেস্টের অপেক্ষায় বেঙ্গালুরু, কেমন হবে দুই দলের একাদশ?
IND vs NZ: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জেতার পর এবার ভারতের মিশন নিউজিল্যান্ড। তিন টেস্টের সিরিজের প্রথম টেস্ট কাল থেকে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।
আজ বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে দুই দলই অনুশীলন করতে পারেনি। কাল টসের আগেই একাদশ চূড়ান্ত করবে দুই শিবিরই।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জুনে। তার আগে ভারতের হাতে ছিল ১০টি টেস্ট। যার সাতটিতে জিতলেই ফাইনালের টিকিট কনফার্ম। এমনকী পাঁচটি জয়ও যথেষ্ট বলে মনে করা হচ্ছে। ভারত যেহেতু বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট জিতে নিয়েছে, ফলে কিউয়িদের হোয়াইটওয়াশ করাই ভারতের লক্ষ্য।
ভারত যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্টই জেতে তাহলে অস্ট্রেলিয়া সফরে যেতে পারবে অনেক নিশ্চিন্ত মনেই। সেখানেও পাঁচটি টেস্ট রয়েছে। তবে তার আগেই ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার হ্যাটট্রিক সুনিশ্চিত করার লক্ষ্যেই এগিয়ে চলেছে।
টেস্টের প্রথম ২ দিনের খেলা বৃষ্টিতে মারাত্মক ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। যদিও চিন্নাস্বামীর নিকাশি ব্যবস্থা খুবই উন্নত। বাংলাদেশ সিরিজে ভারত তিন পেসারে খেললেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন স্পিনারের রণকৌশলে ফিরতে পারেন রোহিত শর্মারা। বিশেষ করে শ্রীলঙ্কায় যেভাবে নিউজিল্যান্ড স্পিন সামলাতে গিয়ে নাকানিচোবানি খেয়েছে।
যদিও মেঘলা আবহাওয়া, সিমারদের সহায়ক কন্ডিশন থাকলে তিন পেসার নিয়েই নামতে পারে ভারত। সবটাই নির্ভর করছে টসের সময় আবহ কেমন থাকে তার উপর। শুভমান গিল ঘাড়ে আড়ষ্টতার কারণে অনিশ্চিত। তাঁর পরিবর্তে দলে আসতে পারেন সরফরাজ খান। তিনে নামবেন লোকেশ রাহুল।
টসের আগে কতটা বৃষ্টি হয়, কন্ডিশন কেমন থাকে তার উপর নির্ভর করবে ভারত স্পিনার বাড়াবে, নাকি পেসার। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের মধ্যে কাউকে বিশ্রাম না দেওয়া হলে দুজনেই খেলবেন। সেক্ষেত্রে আকাশ দীপের জায়গায় আসতে পারেন কুলদীপ যাদব।
নিউজিল্যান্ডের নেতা বদলেছে শ্রীলঙ্কায় বিপর্যয়ের পর। টম লাথাম অবশ্য আগেও ভারতে টেস্টে নেতৃত্ব দিয়েছেন। কেন উইলিয়ামসন খেলতে পারছেন না এই টেস্ট। তাঁর কভার হিসেবে এসেছেন মার্ক চ্যাপম্যান। যদিও উইল ইয়ং একাদশে থাকবেন বলে মনে করা হচ্ছে। মিচেল স্যান্টনার জায়গা ধরে রাখতে পারেন কিনা সেটাও দেখার। সুযোগ পেতে পারেন মাইকেল ব্রেসওয়েল।
বিরাট কোহলি টেস্টে ৯ হাজার রান থেকে ৫৩ রান দূরে। সেই মাইলস্টোন নিজের সেকেন্ড হোম চিন্নাস্বামীতেই স্পর্শ করতে পারেন তিনি। ২০২১ সালে ওয়াংখেড়ে টেস্টে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন এজাজ প্যাটেল (Ajaz Patel)। তাঁর উপর এবারও নির্ভর করবে নিউজিল্যান্ড।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল বা সরফরাজ খান, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ বা কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- ডেভন কনওয়ে, টম লাথাম (অধিনায়ক), উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার বা মাইকেল ব্রেসওয়েল, টিম সাউদি, এজাজ প্যাটেল, উইল ও'রোর্ক।












Click it and Unblock the Notifications