IND vs NZ: বেঙ্গালুরুতে কালও টেস্টে ব্যাঘাত ঘটাবে বৃষ্টি? ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথের সময়সূচিতে রদবদল
IND vs NZ: কমলা সতর্কতা জারি ছিল। আজ সে কারণে ছুটি ঘোষণা হয়েছিল বেঙ্গালুরুর স্কুলগুলিতে। আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে দিনভর চলল বৃষ্টি। ফলে টস পর্যন্ত হলো না ভারত-নিউজিল্যান্ড টেস্টে।
বেঙ্গালুরুতে বিগত ২ দিন ধরে বৃষ্টি চলছে। যা পরিস্থিতি তাতে বেঙ্গালুরু টেস্টে ফয়সালা হওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে। কেন না, নিউজিল্যান্ড আর যাই হোক, বাংলাদেশ নয়।

গতকালের পর আজও চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ ঢাকা ছিল। বৃষ্টি থামার পর খেলা শুরু হলে পিচে স্বাভাবিকভাবেই আর্দ্রতা থাকবে। খেলা শুরুর কন্ডিশনের উপরই নির্ভর করবে দুই দলের কম্বিনেশন কেমন হবে। আজ একটি বলও না হওয়ায় দ্বিতীয় দিনের সময়সূচিতে রদবদল করা হলো।
কাল টসের সময় ধার্য হয়েছে সকাল পৌনে ৯টা। এমনিতে সকাল ৯টায় টস ও ম্যাচ শুরুর সময় নির্ধারিত থাকে সকাল সাড়ে ৯টা। প্রথম দুটি সেশনে অতিরিক্ত ১৫ মিনিট করে বরাদ্দ করা হয়েছে। দ্বিতীয় দিনে যাতে ৯৮ ওভার খেলা করানো যায় সে কারণেই এই পদক্ষেপ।
সকাল ৯টা ১৫ মিনিটে খেলা শুরু হয়ে চলবে সাড়ে ১১টা অবধি। মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরু হবে বেলা ১২টা ১০ মিনিটে, চলবে বেলা ২টো ২৫ মিনিট অবধি। এরপর চা বিরতি। তৃতীয় সেশনের খেলা হবে বিকেল পৌনে ৩টে থেকে পৌনে পাঁচটা অবধি। আজ সামান্য সময়ের জন্য পিচের কভার সরানো হয়েছিল। তখন পিচ দেখতে যান রোহিত শর্মা।
তবে কালও এই সূচি মেনে খেলা হবে কিনা সে ব্যাপারে থাকছে বড়সড় প্রশ্নচিহ্ন। তার কারণ, টেস্টের দ্বিতীয় দিনেও থাকছে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নির্ধারিত সময়ে টস করা যাবে কিনা সেটাই বড় প্রশ্ন।
ভারত যদি নিউজিল্যান্ডকে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করতে পারে তাহলে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই নিশ্চিত হয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার বিষয়টি। কানপুর টেস্টে টি২০ মেজাজে ঝড়ের গতিতে রান তুলে বাংলাদেশকে হারানো গিয়েছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই কৌশল খাটবে, তার গ্যারান্টি নেই।
নিউজিল্যান্ড শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে নয়ডায় আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে এসেছিল। বৃষ্টি ও ভিজে আউটফিল্ডের কারণে সেই টেস্ট হয়নি। শ্রীলঙ্কা সফরে গিয়ে কিউয়িরা ০-২ ব্যবধানে হেরে যায়। এবার ভারতে তিন টেস্টের সিরিজ। তবে প্রথম টেস্ট বৃষ্টির জেরে ড্র হয়ে যাবে কিনা সেটাই দেখার।












Click it and Unblock the Notifications