ইডেনে ঘরের মাঠে ২৫০তম টেস্ট, অভিনব পরিকল্পনা সিএবির!
কলকাতা, ২৮ সেপ্টেম্বর : কানপুরে ৫০০তম টেস্ট খেলে ওঠার পর এবার দেশের মাঠে ২৫০তম টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। এক্ষেত্রে ক্রিকেটের নন্দন কানন ইডেনের চেয়ে সেরা মাঠ আর কিছু হতে পারত না বলেই মত ক্রিকেটপ্রেমীদের। আগামী শুক্রবার ৩০ নভেম্বর থেকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে।
এই টেস্ট ঘিরে ক্রিকেট উন্মাদনা চরমে উঠছে। পুজোর প্রাক্কালে উৎসবে গা ভাসিয়ে দিতে প্রস্তুত সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সিএবিও। জানা গিয়েছে, সিএবির তরফে নানা চমক থাকছে এই টেস্ট ঘিরে।

ঐতিহাসিক এই টেস্টের সূচনা হবে লর্ডসের ঘণ্টার আদতে তৈরি একটি ঘণ্টা বাজিয়ে। সিএবি সভাপতি সৌরভের উদ্যোগে এবার ইডেনেও ঘণ্টা বসেছে। এরপর দুটি দলের খেলোয়াড়দেরই সংবর্ধনা দেওয়া হবে।
সিএবির যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন, এটি ঘরের মাঠে ভারতের ২৫০তম টেস্ট। এক ঐতিহাসিক মুহূর্ত। ফলে সিএবি সবরকমভাবে তা স্মরণীয় করে রাখার চেষ্টা করবে।
তিনি আরও জানান, বাংলার দুই ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামিকে ভারতের হয়ে ২৫০তম টেস্টে অংশগ্রহণ করার জন্য আলাদা করে সংবর্ধনা জানানো হবে। এছাড়া ৪ হাজার দুঃস্থ শিশুকে একই পোশাকে স্টেডিয়ামে নিয়ে এসে ম্যাচ দেখানো হবে।
মহালয়ার দিন ম্যাচ শুরু হচ্ছে ইডেনে। অর্থাৎ দুর্গাপুজোর মরশুম শুরু হয়ে যাচ্ছে। এমন সময়ে স্টেডিয়াম ভরাতে টিকিটের দাম অনেকটা কমিয়ে দিয়েছে সিএবি। সিজন টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা, ৭৫০ টাকা ও ৫০০ টাকা।
সিএবির ইন্টার স্কুল টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৪টি স্কুলকে ১৬টি করে ফ্রি পাস দেওয়া হয়েছে। এছাড়া তরুণ ক্রিকেটারদের উৎসাহ দিতে ২০০টি ক্রিকেট কোচিং সেন্টারকেও ফ্রি টিকিট বিলি করেছে সিএবি।
ইডেনে নিউ জিল্যান্ড ১৯৬৫ সালে শেষবার ম্যাচ খেলেছিল। সেটা পঞ্চাশ বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে। এতদিন পরে কিউয়িরা ইডেনে টেস্ট খেলতে নামছে। সেদিক থেকে এটাও এক অনন্য মুহূর্ত হতে চলেছে।












Click it and Unblock the Notifications