ঘুরে দাঁড়াল ভারতের ব্যাটিং, কিউয়ি ব্যাটিংয়ের কোমর ভাঙলেন অশ্বিন, ৫০০তম টেস্ট জয়ের পথে টিম কোহলি
কানপুর, ২৫ সেপ্টেম্বর : কানপুরে ঐতিহাসিক ৫০০তম টেস্ট জেতার পথে ভারত। চতুর্থদিনে শেষবেলা পর্যন্ত যা অবস্থা তাতে শেষদিন চা বিরতির আগেই কিউয়ি ব্যাটিংয়ের লেজ মুড়িয়ে দিতে না পারলে সেটাই হবে অঘটন। [টেস্টে দ্বিতীয় বোলার হিসাবে দ্রুততম ২০০ উইকেটের রেকর্ড অশ্বিনের]
তৃতীয় দিনের শেষ আভাস ছিল। প্রত্যাশামতোই এদিন ঘুরে দাঁড়াল ভারতীয় ব্যাটিং। মুরলী বিজয় (৭৬ রান) ও চেতেশ্বর পূজারা (৭৮ রান) ফের একবার অসাধারণ ব্যাটিং করলেন। এরপরে বিরাট কোহলি (১৮ রান) ব্যর্থ হলেও অজিঙ্ক রাহানেকে (৪০ রান) সঙ্গে নিয়ে রোহিত শর্মা ইনিংস গড়ে নিয়ে যান।

রাহানে আউট হলেও জাদেজার (৫০ রানে অপরাজিত) সঙ্গে অসাধারণ শতরানের পার্টনারশিপ গড়েন রোহিত (অপরাজিত ৬৮ রান)। ফলে দ্বিতীয় ইনিংসে ভারত ৩৭৭/৫ উইকেট অবস্থায় ইনিংস ডিক্লেয়ার দেয়। অর্থাৎ জিততে গেলে নিউ জিল্যান্ডকে করতে হবে ৪৩৪ রান।
এই অবস্থায় ব্যাট করতে নেমে ফের একবার রবিচন্দ্রণ অশ্বিনের ঘূর্ণিতে বেসামাল কিউয়ি ব্যাটিং। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে নিউ জিল্যান্ডের স্কোর ৯৩ রান। অশ্বিন একাই তিন উইকেট নিয়ে রেকর্ড বুকে ঢুকে গিয়েছেন। আর একটি উইকেট গিয়েছে রান আউটে। ল্যাথম, গাপটিল ও উইলিয়ামসনের উইকেট নেন অশ্বিন। রস টেলরকে রান আউট করেন উমেশ যাদব।
এদিন দ্রুততম এশিয় বোলার হিসাবে মাত্র ৩৭টি টেস্টে ২০০ উইকেট দখল করলেন রবিচন্দ্রণ অশ্বিন। কেন উইলিয়ামসনকে আউট করে এই বিরল কৃতিত্বে পৌঁছন তিনি। এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াকার ইউনিসের। ৩৮টি টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। অশ্বিনের আগে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিমেট। তিনি ১৯৩৬ সালে ৪৪ বছর বয়সে মাত্র ৩৬টি টেস্ট খেলে ২০০ উইকেট নিয়েছিলেন।












Click it and Unblock the Notifications