IND vs NZ: মুম্বই টেস্টে ভারত কি একাদশে পরিবর্তন আনছে? ঘূর্ণি উইকেট হলেও আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড
IND vs NZ: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাল থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। নিউজিল্যান্ড ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ পকেটে পুরে নিয়েছে।
ভারতকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার দৌড়ে ভালো জায়গায় থাকতে গেলে এই টেস্টে জিততেই হবে। মনে করা হচ্ছে, ঘূর্ণি পিচেই জয় ছিনিয়ে নিতে চাইছেন রোহিত শর্মারা।

ভারত সিরিজ হেরে থাকা অবস্থায় শেষবার ওয়াংখেড়ে টেস্টে খেলতে নেমেছিল ২০ বছর আগে। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন সেই দলে ছিলেন বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর। ঘূর্ণি পিচ বানিয়ে লো স্কোরিং থ্রিলার ভারত জেতে ১৩ রানে।
ভারতের ১০৪ রানের জবাবে অস্ট্রেলিয়া তুলেছিল ২০৩। এরপর ভারত ২০৩ রানে অল আউট হয় দ্বিতীয় ইনিংসে। অজিরা গুটিয়ে যায় ৯৩ রানে। দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন মুরলী কার্তিক। চার টেস্টের সিরিজের চতুর্থ টেস্ট ভারত জেতায় অজিদের সিরিজ জয়ে ব্যবধান হয় ২-১।
মুম্বই টেস্টে নামার আগে ভারতের ব্য়াটিং বিভাগ ছন্দে ফিরতে মরিয়া। বিরাট কোহলি-সহ ক্রিকেটারদের দেখা গিয়েছে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনারদের কথা মাথায় রেখে বিশেষ ধরনের অনুশীলন করতে। তবে ঘূর্ণি পিচ বানালে ভারতের জয়-পরাজয় নিশ্চিত করবে টসের ফলাফলের উপরেও।
ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর বলেছেন, দলে নতুন কোনও সংযোজন হয়নি। সকলেই খেলার জন্য প্রস্তুত। চলতি সিরিজে এখনও যাঁরা খেলেননি তাঁদের খেলতে নামানোর পরিস্থিতিতেও নেই দল। ফলে একাদশ অপরিবর্তিত রাখার আভাস গম্ভীর দিলেও তা নাও হতে পারে।
গম্ভীর ইঙ্গিত দিয়েছেন জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থদের এই টেস্টে বিশ্রাম না দেওয়ার। ফলে দ্বিতীয় সিমার হিসেবে লড়াই আকাশ দীপ ও মহম্মদ সিরাজের। সিরাজ আসতে পারেন একাদশে। নিউজিল্যান্ড দলে পরিবর্তনের সম্ভাবনা কম। ম্যাট হেনরি পুণে টেস্টে খেলেননি সামান্য চোট থাকায়। তিনি ফিট হলে টিম সাউদির স্থলাভিষিক্ত হতে পারেন।
ওয়াংখেড়ের উইকেটে প্রথমে ঘাস ছিল। যদিও তা টেস্টের আগে কার্যত উধাও। কখনও হেভি রোলার চালিয়ে, কখনও লাইট রোলার চালিয়ে পিচতে টার্নিং ট্র্যাক বানানোর চেষ্টা চলেছে বলেই খবর। এখন দেখার প্রথম দিন থেকেই এই উইকেটে বল ঘোরে কিনা। শুষ্ক উইকেট।
গরম ও আপেক্ষিক আর্দ্রতাও ভালোই থাকবে। ফলে উইকেট ভাঙতে বেশি সময় লাগার কথা নয়। লাল মাটির উইকেটে স্পিনাররাও বাউন্স আদায় করতে পারবেন। উল্লেখ্য, রোহিত শর্মা নিজের শহরে ১০ বছর পর টেস্ট খেলবেন, প্রথমবার ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ বা মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- টম লাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি বা ম্যাট হেনরি, উইলিয়াম ও'রোর্ক, এজাজ প্যাটেল।












Click it and Unblock the Notifications