ইডেনে ভারতের জোড়া ম্যাচ! দেশের মাঠে বিরাট-রোহিতদের বিরুদ্ধে কারা কোথায় কবে খেলবে জানুন
তিন মাসের ব্যবধানে কলকাতার ইডেন গার্ডেন্স পেল ভারতের জোড়া ম্যাচ। আজ বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে দেশের মাটিতে ভারত কবে কোথায় কার বিরুদ্ধে সিরিজ খেলবে তা চূড়ান্ত হয়ে গিয়েছে। নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচ পেল ইডেন। প্রথমটি টি ২০ সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ তথা তৃতীয় ম্য়াচটিই পেয়েছে কলকাতা। একনজরে দেখে নেওয়া যাক কোথায় কবে ভারত কাদের বিরুদ্ধে খেলবে।

তৃতীয় টি ২০ ইডেনে
টি ২০ বিশ্বকাপের পর ভারত সফরে আসবে নিউজিল্যান্ড। বুধবার ১৭ নভেম্বর জয়পুরে হবে প্রথম টি ২০ আন্তর্জাতিক। শুক্রবার ১৯ নভেম্বর রাঁচিতে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক খেলে কলকাতায় আসবে ভারত ও নিউজিল্যান্ড। রবিবার ২১ নভেম্বর তৃতীয় টি ২০ আন্তর্জাতিক হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। যদিও ভারতীয় বোর্ড সূত্রে খবর, নিউজিল্যান্ড সিরিজের পর যেহেতু ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে এবং দেশে ফিরেও ঠাসা ক্রীড়াসূচি রয়েছে তাতে নিউজিল্যান্ড সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিশ্রাম দেওয়া হতে পারে। তবে ভারতীয় দলের নতুন টি ২০ অধিনায়ককেই যে ইডেন পাবে তা নিয়ে কোনও সংশয় নেই। কেন না, বিরাট কোহলি বিশ্বকাপের পর টি ২০ অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন। তবে অধিনায়ক বিরাটকে ইডেন দেখতে পারে ফেব্রুয়ারি মাসে। ভারত-নিউজিল্যান্ড টি ২০ সিরিজ শেষেই শুরু হবে দুই টেস্টের সিরিজ। বৃহস্পতিবার ২৫ নভেম্বর থেকে প্রথম টেস্টটি হবে কানপুরে। এই টেস্টটি লখনউয়ে হওয়া নিয়ে জল্পনা ছিল। শুক্রবার ৩ ডিসেম্বর থেকে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট মুম্বইয়ে। এই টেস্ট খেলেই ভারত দক্ষিণ আফ্রিকা রওনা হবে।

ইডেনে তৃতীয় একদিনের আন্তর্জাতিক
দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে এসে ফেব্রুয়ারি ও মার্চে প্রথমে ওয়েস্ট ইন্ডিজ ও তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি হবে রবিবার ৬ ফেব্রুয়ারি আমেদাবাদে। বুধবার ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক জয়পুরে। শনিবার ১২ ফেব্রুয়ারি ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় একদিনের আন্তর্জাতিক। মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি কটকে দুই দেশ সিরিজের প্রথম টি ২০ আন্তর্জাতিকটি খেলবে। শুক্রবার ১৮ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক। সিরিজের শেষ টি ২০ ম্যাচটি হবে ত্রিবান্দ্রমে রবিবার ২০ ফেব্রুয়ারি।

ভারত-শ্রীলঙ্কা সিরিজ
এরপরই ভারত নেমে পড়বে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে। ভারত-শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে। শুক্রবার ২৫ ফেব্রুয়ারি থেকে বেঙ্গালুরুতে প্রথম টেস্ট। শনিবার ৫ মার্চ থেকে দ্বিতীয় তথা শেষ টেস্ট মোহালিতে। ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। এরপর আইপিএলের আগে ভারত ও শ্রীলঙ্কা মার্চে তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলবে। রবিবার ১৩ মার্চ মোহালিতেই প্রথম টি ২০ আন্তর্জাতিক। মঙ্গলবার ১৫ মার্চ ধরমশালায় দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক। সিরিজের শেষ টি ২০ আন্তর্জাতিকটি হবে লখনউয়ে, শুক্রবার ১৮ মার্চ। পরের আইপিএলে নতুন শহর হিসেবে লখনউ যে যুক্ত হতে চলেছে আইপিএলের আগে সেখানে ভারতের শেষ টি ২০ আন্তর্জাতিক পড়ার মধ্যে দিয়ে সে বিষয়টা আরও স্পষ্ট হল।

প্রোটিয়া চ্যালেঞ্জ
২০২২ সালের আইপিএল শেষ হলেই ভারত জুন থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি ২০ আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলবে। উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত বছর ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ স্থগিত করে দেওয়া হয়েছিল। সেবার ইডেনেও ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ হওয়ার কথা ছিল। তবে যেহেতু নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি ম্যাচ ইডেন পেয়েছে তাই আগামী বছর ভারত-দক্ষিণ আফ্রিকা টি ২০ সিরিজের কোনও ম্যাচ ইডেনে আর পড়েনি। বৃহস্পতিবার ৯ জুন প্রথম টি ২০ আন্তর্জাতিক চেন্নাইয়ে। রবিবার ১২ জুন দ্বিতীয় টি ২০ বেঙ্গালুরুতে। মঙ্গলবার ১৪ জুন নাগপুরে হবে তৃতীয় টি ২০ আন্তর্জাতিক। সিরিজের চতুর্থ ম্যাচটি হবে শুক্রবার ১৭ জুন রাজকোটে। পঞ্চম তথা শেষ টি ২০ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে রবিবার ১৯ জুন দিল্লিতে।












Click it and Unblock the Notifications