নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার আগে মন্দিরে ভারতীয় ক্রিকেটাররা, দলে পরিবর্তনের ইঙ্গিত দ্রাবিড়ের
কাল ইন্দোরে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। ভারতীয় দলে পরিবর্তনের ইঙ্গিত দিলেন দ্রাবিড়। দেখে নিতে চান রিজার্ভ বেঞ্চের শক্তি।
কাল ইন্দোরের হোলকার স্টেডিয়ামে চলতি সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ভারত। কাল জিতলে দেশের মাটিতে টানা দুটি ওডিআই সিরিজে ক্লিন স্যুইপ করবে মেন ইন ব্লু।

নিয়মরক্ষার ম্যাচ ভাবছে না ভারত
ভারত ইতিমধ্যেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। আজ অপশনাল প্র্যাকটিস ছিল টিম ইন্ডিয়ার। ক্রিকেটাররা ফুট-ভলি খেলেন। ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় বলেন, এটা নিয়মরক্ষার ম্যাচ হিসেবে দেখছি না। যাঁরা আগের ম্যাচগুলিতে খেলেননি তাঁদের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ম্যাচ বা সিরিজ জেতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই দলে থাকা ক্রিকেটারদের পর্যাপ্ত অভিজ্ঞতালাভের বিষয়টি সুনিশ্চিত করাটাও জরুরি। যাতে কেউ চোট পেলেও বড় টুর্নামেন্টে তাঁর পরিবর্ত হিসেবে সহজেই কাউকে বেছে নেওয়া যাবে এবং তিনি কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন। সে কারণেই এই ম্য়াচকে নিয়মরক্ষার বলে ভাবছি না। কিছু ক্রিকেটারকে খেলানোর সুযোগ করে দেওয়া যাচ্ছে, এটা ভেবে ভালো লাগছে।

মন্দিরে ক্রিকেটাররা
আজ ভারতীয় দলের ক্রিকেটাররা উজ্জয়িনীতে গিয়েছিলেন মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে। ভস্ম আরতির সময় উপস্থিত ছিলেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদবরা। ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটাররা শিবের মাথায় জল ঢালেন। এরপর ক্রিকেটার, সাপোর্ট স্টাফরা যান মহানির্বাণী আখড়ার মহন্ত শ্রী বিনীত গিরীজি মহারাজের কাছে। জানা গিয়েছে, ক্রিকেটাররা ঋষভ পন্থের দ্রুত আরোগ্য প্রার্থনাও করেন।

একাদশ নিয়ে জল্পনা
এই ম্যাচ জিতলে তবেই ভারত বিশ্বের ১ নম্বর ওডিআই দল হতে পারবে। যুজবেন্দ্র চাহালকে খেলানো হতে পারে কুলদীপ যাদবের জায়গায়। রজত পাটীদার ও শাহবাজ আহমেদও প্রথম একাদশে আসতে পারেন। উমরান মালিক খেলবেন। তবে মহম্মদ শামি না মহম্মদ সিরাজ, কার জায়গায় খেলানো হবে সেটা দেখার। শার্দুল ঠাকুরকে ব্যাটিং গভীরতার কথা ভেবে রেখে দেওয়া হতে পারে। ইন্দোরের মাঠটি ছোট। ফলে হাই স্কোরিং ম্যাচ হতে পারে। নিউজিল্যান্ড খেলাতে পারে মার্ক চ্যাপম্যানকে। ডৌগ ব্রেসওয়েল বা জ্যাকব ডাফিও আসতে পারেন প্রথম এগারোয়।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল বা রজত পাটীদার, বিরাট কোহলি, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর বা শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদী যাদব বা যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি বা মহম্মদ সিরাজ, উমরান মালিক
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস বা মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ডৌগ ব্রেসওয়েল বা হেরি শিপলি বা জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার, লকি ফার্গুসন।

একনজরে পরিসংখ্যান
ভারত ১৯৮৮ সাল থেকে ২০২২ পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টানা সাতটি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে অপরাজেয়। ২০১৯ সালের পর থেকে ভারত দেশের মাটিতে সাতটি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ জিতেছে। ২০০৯ থেকে ধরলে ভারত দেশের মাটিতে ২৭টি ওডিআই সিরিজ খেলেছে, জিতেছে ২৪টিতে, হার মাত্র তিনটিতে। ২০১২-১৩-তে পাকিস্তানের কাছে ১-২, ২-১৫-১৬ মরশুমে দক্ষিণ আফ্রিকার কাছে ২-৩ ও ২০১৮-১৯ মরশুমে অস্ট্রেলিয়ার কাছে ২-৩ ব্যবধানে হেরেছিল ভারত। ২৭টি সিরিজে ভারত জিতেছে ৭২টি ম্যাচ, হেরেছে ২৮টি, টাই হয়েছে ১টি, পরিত্যক্ত হয়েছে ২টি ম্যাচ। ২০১৯-২০ থেকে ধরলে তৃতীয়বার হোয়াইটওয়াশ নিশ্চিত করে ভারত ওডিআই সিরিজ জয়ের দোরগোড়ায়।












Click it and Unblock the Notifications