কাজে এল না বোলারদের লড়াই, ব্যাটিং ব্যর্থতায় কোটলা ম্যাচ হারল ভারত
দ্বিতীয় একদিনের ম্যাচে দিল্লির ফিরোজ শা কোটলায় মাত্র ৬ রানে ভারতকে হারিয়ে একদিনের ম্যাচের সিরিজে সমতা আনল নিউজিল্যান্ড। এখন ম্যাচ পয়েন্ট দাঁড়াল ১-১।
নয়াদিল্লি, ২০ অক্টোবর : দ্বিতীয় একদিনের ম্যাচে দিল্লির ফিরোজ শা কোটলায় মাত্র ৬ রানে ভারতকে হারিয়ে একদিনের ম্যাচের সিরিজে সমতা আনল নিউজিল্যান্ড। ২৪৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে কিউয়িদের আটোসাঁটো বোলিংয়ে প্রথম থেকেই স্বাভাবিক গতিতে রান তোলা আটকে যায় ভারতের। শেষের দিকে হার্দিক পাণ্ডিয়া ভাল চেষ্টা করলেও শেষ রক্ষা হল না।
রোহিত শর্মা (১৫ রান) অজিঙ্ক রাহানে (২৮ রান) ওপেনিংয়ে নেমে বিশেষ সুবিধা করতে পারেননি। এদিন ব্যর্থ হন বিরাট কোহলি (৯ রান)। তবে মনীশ পান্ডে (১৯ রান), কেদার যাদব (৪১ রান), ধোনি (৩৯ রান) শুরু করেও ম্যাচ জিতিয়ে আসতে পারেননি। শেষদিকে অক্সর প্যাটেল (১৭ রান) ও হার্দিক পাণ্ড্য (৩৬ রান) কিছুটা চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। ফলে সবমিলিয়ে ৬ রানে ম্যাচ হারল ভারত।

এরপরে সিরিজের আরও তিনটি ম্যাচ বাকী রয়েছে। তবে সবকটি জিতলেও আর সিরিজ হোয়াইটওয়াশ করা সম্ভব হবে না কিউয়িদের।
প্রথম ইনিংসে অনবদ্যভাবে এগিয়ে নিয়ে গেলেও প্রত্যাশিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে ব্যর্থ হল নিউ জিল্যান্ড দল। অনবদ্য শতরান করলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন (১১৮ রান)। কিন্তু তা সত্ত্বেও আড়াশোর গণ্ডী টপকাতে ব্যর্থ হল নিউ জিল্যান্ড।
এদিন কোটলায় টসে জিতে নিউ জিল্য়ান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কোটলার পিচ সাধারণত একটু থমকে আসে বল। দ্বিতীয় ইনিংসে কিছুটা পিচ ভাঙতে পারে। তবে তার সঙ্গে কুয়াশার কারণে ব্যাটসম্যানদের সুবিধা হতে পারে ভেবে রান তাড়া করাই শ্রেয় বলে মনে করেছেন ধোনি।
সেজন্যই পরে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। প্রথম ওভারের দ্বিতীয় বলেই কিউয়ি ওপেনার মার্টিন গাপটিলকে (০) বোল্ড করে দেন উমেশ যাদব। তবে এরপরে টম ল্যাথমকে সঙ্গে নিয়ে খেলা ধরে নেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ল্যাথম ৪৬ রানে ফিরে গেলেও অনবদ্য শতরান করেন উইলিয়ামসন।
তবে আর কেউই সেভাবে ব্যাট হাতে দাগ কাটতে পারেননি। রস টেলর (২১), কোরি অ্যান্ডারসনরা (২১) ব্যর্থ হলে কিউয়ি ইনিংসকে টেনে নিয়ে যাওয়ার মতো আর কেউ ছিলেন না। লিউক রঞ্চি (৬ রান), অ্যান্টন দেবকিচ (৭ রান) আউট হলেও একমাত্র মিচেল স্যান্টনার (৯ রান) অপরাজিত থেকে যান। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪২ রানে শেষ হয় কিউয়ি ইনিংস।












Click it and Unblock the Notifications