কানপুর টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টিতে পণ্ড : কিউয়ি স্কোর ১৫২/১, দাগ কাটতে ব্যর্থ কোহলি ব্রিগেড
কানপুর, ২৩ সেপ্টেম্বর : কানপুরের ৫০০তম টেস্ট খুব একটা উল্লেখযোগ্য অবস্থানে নেই টিম ইন্ডিয়া। প্রথম দিন টসে জিতে ভালো শুরু করেও মিডল অর্ডারে পরপর উইকেট হারিয়ে মাত্র ৩১৮ রানে শেষ করতে হয় প্রথম ইনিংস।
বৃহস্পতিবারের ২৯১/৯ উইকেট নিয়ে খেলতে নেমে এদিন মাত্র ২৬ রান যোগ করে ভারতের ইনিংস শেষ হয়। রবীন্দ্র জাদেজা ৪২ রানে অপরাজিত থাকলেও উমেশ যাদব (৯ রান) বেশিক্ষণ টিঁকতে পারেননি।

জবাবে ব্যাট করতে নেমে দলের ৩৫ রানের মাথায় মার্টিন গাপটিল ২১ রান করে আউট হলেও ম্যাচ ধরে নেন টম ল্যাথম ও অধিনায়ক কেন উইলিয়ামসন। ল্যাথম ৫৬ রানে ও উইলিয়ামসন ৬৫ রানে অপরাজিত রয়েছেন। নিউ জিল্যান্ড ইনিংসের ৪৭ ওভারের মাথায় বৃষ্টি নামে। তখন স্কোর ১৫২/১। তারপর আর খেলা শুরু করা যায়নি।
ফলে সবমিলিয়ে কিছুটা হলেও ব্যাকফুটে টিম ইন্ডিয়া। এদিন ভারতের হয়ে একটিমাত্র উইকেটটি পেয়েছেন উমেশ যাদব। এছাড়া বল হাতে শামি, অশ্বিন, রবীন্দ্র জাদেজারা চূড়ান্ত ব্যর্থ। তৃতীয় দিন উইকেট না খুইয়ে কিউয়িরা বড় রান করে দিলে বেশ চাপে পড়ে যাবে ভারত।
এদিন চা বিরতির পরে একটি ওভারও খেলা হয়নি। ফলে শনিবার অন্তত ৯৮ ওভার খেলা করানোর চেষ্টা হবে বলে ম্য়াচ রেফারি সূত্রে জানা গিয়েছে। এদিন দ্বিতীয় উইকেটে উইলিয়ামসন ও ল্যাথমের জুটিতে ১১৭ রানই ব্যাকফুটে ঠেলে দিয়েছে ভারতকে।












Click it and Unblock the Notifications