ব্যর্থ ওয়াশিংটনের সুন্দর লড়াই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ হারল হার্দিকের ভারত
একটিমাত্র ওভার বলা যেতে পারে পার্থক্য গড়ে দিল ভারত-নিউজিল্যান্ড ম্যাচে। প্রথম ইনিংসের শেষ ওভারে ২৭ রান দেন অর্শদীপ সিং। যার ফলে অ্যাডভান্টেজ পায় নিউজিল্যান্ড। ফলস্বরূপ রাঁচিতে সিরিজের প্রথম টি২০তে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে ম্যাচ জিতে নিল মিচেল স্যান্টনারের দল। হার্দিকের ভারত ম্যাচ হারল ২১ রানে। সিরিজে আপাতত ১-০ এগিয়ে গেল কিউয়িরা।

নিউজিল্যান্ডের ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ঘরের মাঠে ঈশান কিষাণ চার রান করে আউট হয়ে ফিরে যান। ঘরের ছেলে ফেরার পরেই তিন নম্বরে নামা রাহুল ত্রিপাঠি শূন্য রানে ফেরেন। তার কয়েক মিনিটের মধ্যেই আর এক ওপেনার শুভমান গিল ৭ রান করে ফিরে যান। ফলে তিন ওভার শেষ হতে না হতেই ভারতের টপ অর্ডার ড্রেসিংরুমে ফিরে যায়।
এরপরে ভারতের হয়ে খেলা ধরেন সূর্য কুমার যাদব ও অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তাঁদের মধ্যে একটা অর্ধশতরানের পার্টনারশিপ হয়। ঠিক যখন মনে হচ্ছিল খেলাটা ধীরে ধীরে ভারতের দিকে ঘুরছে, ঠিক সেই সময়ে ব্যক্তিগত ৪৭ রান করে ফেরেন সূর্য কুমার যাদব। হার্দিক পাণ্ডিয়াও তার পরপরই ২১ রান করে আউট হয়ে ফেরেন।
৮৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ভারত যখন ধুঁকছে, সেই সময় ব্যাট হাতে জ্বলে ওঠেন ওয়াশিংটন সুন্দর। অপরদিকে তখন এক এক করে ফিরে যাচ্ছেন দীপক হুডা, শিবম মাভি, কুলদীপ যাদবরা। তা সত্ত্বেও মাথা ঠান্ডা রেখে ব্যাট চালিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ওয়াশিংটন সুন্দর। অন্যদিকে একজন কারও সঙ্গ পেলে ম্যাচের ফলাফল অন্য কিছু হতে পারতো। সুন্দর শেষ অবধি ২৮ বলে অনবদ্য অর্ধশত রান করে আউট হন। ভারত শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৫৫ রানে থামে।
নিউজিল্যান্ড ইনিংসের ২০তম ওভারে অর্শদীপ সিংয়ের ২৭ রান দেওয়াই কাল হল। যার সুবাদে নিউজিল্যান্ড প্রথম টি২০ ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গেল। এর আগেও ভারতের হয়ে খেলতে নেমে নো বল করে বিতর্কে জড়িয়েছেন অর্শদীপ। এদিনও কিছুটা সেরকম পরিস্থিতির সৃষ্টি হল। এখন দেখার আগামী দিনে এই হার থেকে শিক্ষা নিয়ে কীভাবে ভারতের অনভিজ্ঞ বোলিং লাইন আপ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায়।












Click it and Unblock the Notifications