ওভালে ভারত-ইংল্যান্ড পাঁচ দিনের খেলা মঞ্জুর করবে কি আবহাওয়া, কেমন হবে বাইশ গজ
ওভালে ভারত-ইংল্যান্ড পাঁচ দিনের খেলা মঞ্জুর করবে কি আবহাওয়া, কেমন হবে বাইশ গজ
ঘরের মাটিতে টেস্টে ভারতের সামনে কড়া প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়েছে ইংল্যান্ডকে। লর্ডস টেস্ট হেরে লিডসে জয় হাসিল করে জো রুট শিবির সিরিজে সমতায় ফিরেছে। এই অবস্থায় চতুর্থ টেস্ট যে দল জিতবে তারা সিরিজ জয়ের দিকে এক কদম এগিয়ে যাবে। অর্থাৎ ওভাল টেস্টে যে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। শুধু খেললেই তো চলবে না, আবহাওয়া ও পিচের ওপর নির্ভর করবে ম্যাচের গতিপ্রকৃতি। সে সংক্রান্ত আভাস দেখে নেওয়া যাক। দেখে নেওয়া যাক অন্যান্য পরিসংখ্যান।

কেমন থাকবে আবহাওয়া
মোটামুটি বৃষ্টিহীন আবহেই হেডিংলেতে ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্ট উপভোগ করেছেন ক্রিকেট প্রেমীরা। একই রকম আবহাওয়া থাকবে লন্ডনেও। ক্রিকেট প্রেমীদের মনে স্বস্তি দিয়ে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে ওভাল টেস্টের প্রথম চার দিন বর্ষাসুরের দেখা মিলবে না। কখনও রৌদ্রোজ্জ্বল তো কখনও মুখ ভার করা আকাশের নিচে ক্রিকেট চলবে আপন খেয়ালে। সঙ্গী হবে শীতল হাওয়া। তবে পঞ্চম দিনের বিকেলে লন্ডনে কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ১৯ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।

পিচ রিপোর্ট
ওভালের পিচ সাধারণত ব্যাটসম্যানদের সঙ্গী হয়। তবে এ পিচে সুবিধা পেতে পারেন পেসাররা। তৃতীয় দিন থেকে মাটি ভাঙতে শুরু করলে পিচ মন্থর হয়ে যায়। তখন ওভাল স্পিনারদের স্বর্গরাজ্য হয়ে দাঁড়ায়। এবারও একই রকম পিচ পেতে চলেছেন বিরাট কোহলি, জো রুটরা। ফলে দুই দলের প্রথম একাদশে অতিরিক্ত স্পিনারের উপস্থিতি পরিলক্ষিত হতে পারে। ম্যাচে বড় রান উঠতে পারে বলেও মনে করা হচ্ছে।

জয়-পরাজয়ের পরিসংখ্যান
লন্ডনের কেনিংটন ওভালে এখনও পর্যন্ত ১৩টি টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। মাত্র একটি টেস্ট জিততে সক্ষম হয়েছে সফরকারী দল। ১৯৭১ সালে অজিত ওয়াদেকর নেতৃত্বাধীন ভারতীয় দল এই মাঠে ৪ উইকেটে টেস্ট ম্যাচ জিতেছিল। ওভালে ভারতের বিরুদ্ধে পাঁচ বার টেস্ট জিতেছে ইংল্যান্ড। এই মাঠে বিরাট কোহলিদের সঙ্গে শেষ তিন সাক্ষাতে (২০১১, ২০১৪, ২০১৮) জয়ী হয়েছেন জো রুটরা। কেনিংটন ওভালে দুই দলের মধ্যে সাতটি টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

প্রধান যুদ্ধ
লন্ডনের ওভালে সুবিধা পাবেন স্পিনাররা। রবিচন্দ্রণ অশ্বিন প্রথম একাদশে জায়গা পেলে, তাঁর সঙ্গে ইংল্যান্ড ব্যাটসম্যানদের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইংল্যান্ড অধিনায়ক জো রুট নিজে জানিয়েছেন যে অ্যাশকে ঠেকাতে তাঁরা আলাদা পরিকল্পনা তৈরি করছেন। একই ভাবে মইন আলির মতো অভিজ্ঞ স্পিনার এই টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারেন। সেই সঙ্গে জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসনের সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মার দ্বৈরথও দেখতে চায় ক্রিকেট বিশ্ব। অন্যদিকে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামিকে হারাতে ইংল্যান্ড ব্যাটসম্যানরা কী রণনীতি আপন করেন, সেদিকেও তাকিয়ে থাকবেন ক্রিকেট প্রেমীরা।












Click it and Unblock the Notifications