কটকে জিতে সিরিজ শেষ করতে চাইছে কোহলি ব্রিগেড, অলৌকিকের আশায় ইংল্যান্ড
ইংল্যান্ড যেমন অলৌকিকের আশায় কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে নামছে। আর আত্মবিশ্বাসী কোহলি ব্রিগেড চাইছে ইডেনের জন্য ফেলে না রেখে এখানেই ২-০ ব্যবধানে জিতে সিরিজ শেষ করতে।
কটক, ১৯ জানুয়ারি : বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে থামাতে পারে এমন কোনও দলকে এই মুহূর্তে ভাবা যাচ্ছে না। অন্তত দেশের মাঠে তো নয়ই। ইংল্যান্ড যেমন অলৌকিকের আশায় কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে নামছে। আর আত্মবিশ্বাসী কোহলি ব্রিগেড চাইছে ইডেনের জন্য ফেলে না রেখে এখানেই ২-০ ব্যবধানে জিতে সিরিজ শেষ করতে।
গত পুনে ম্যাচে অনবদ্য ব্যাটিং করেছেন ইংরেজ ব্যাটসম্যানরা। ৩৫০ রান বোর্ডে তোলা যেকোনও দিনই কঠিন কাজ। কিন্তু তা সত্ত্বেও সেই কাজটিকে একেবারে জলভাত করে ভারতকে সহজ জয় এনে দেওয়ার অন্যতম কারিগর অতিমানবীয় ভারত অধিনায়ক বিরাট কোহলি।

নভেম্বরে এদেশে আসা ইস্তক একটিমাত্র জিনিস ইংল্যান্ড দল খুঁজে চলেছে, তা হল জয়। টেস্টের পরে প্রথম একদিনের ম্যাচেও যেভাবে ধরাশায়ী হতে হল তাতে হতাশা আসা স্বাভাবিক। বোর্ডে এত রানে তোলার পরে মাত্র ৬৩ রানের মধ্যেই ভারতের ৪ উইকেট চলে গিয়েছিল। তবে শেষপর্যন্ত বাধা হয়ে দাঁড়ান কোহলি ও কেদার যাদব। দুজনে পঞ্চম উইকেটে ২০০ রান যোগ করেন। দুজনেই শতরান করে ভারতের জয় নিশ্চিত করেন।
এই ম্যাচে ১১ বল বাকী থাকতেই ভারত জিতে গিয়েছে। আর এত বড় টার্গেট তাড়া করে জিতেছে। ফলে আত্মবিশ্বাসের একেবারে চূড়ায় রয়েছে ভারত। অন্যদিকে ইয়ন মর্গ্যানের দল মানসিকভাবে বিধ্বস্ত। কটকের বরাবটি স্টেডিয়ামে তাই এদিন কেমন লড়াই হয় সেটাই এখন দেখার।
কোহলি অসাধারণ ফর্মে থাকলেও ওপেনিংয়ে শিখর ধাওয়ানের ব্যর্থতা ভারতের চিন্তার কারণ। এদিকে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়া মহেন্দ্র সিং ধোনি ও দলে ফেরা যুবরাজ সিং মিডল অর্ডারে নেমে রান পেলে ভারতের চিন্তা অনেকটাই কমে যাবে।
বোলিংয়ে অশ্বিন সেভাবে আগের ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি। এছাড়া ডেথ ওভার বিশেষজ্ঞ জসপ্রীত বুমরাহ যথেষ্ট মার খান ইংরেজ ব্যাটসম্যানদের হাতে। ফলে বোলিংয়ের দিকটিকেও খানিক সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে ভারতের। কটক ম্যাচে অমিত মিশ্র দলে সুযোগ পেতে পারেন যদি প্রথম একাদশে বদল আনেন কোহলি।
কটকের পিচ কিউরেটর পঙ্কজ পট্টনায়েক জানিয়েছেন, উইকেট আদ্যন্ত ব্যাটিং উইকেট। তবে একইসঙ্গে টসে জেতা খুব গুরুত্বপূর্ণ। কারণ দিনরাতের ম্যাচে সন্ধ্যার পর থেকে খুব শিশির পড়ে। সেজন্য টসে হেরে পরে বোলিং করলে ম্যাচে তা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।












Click it and Unblock the Notifications