ভারত নাকি ইংল্যান্ডকে হারায়নি, আজব খোঁচা পিটারসেনের
ভারত নাকি ইংল্যান্ডকে হারায়নি, আজব খোঁচা পিটারসেনের
নিজেদের জাত চেনাচ্ছেন কেভিন পিটারসেন, মাইকেল ভনরা। কিছুতেই ভারতের জয় তাঁরা মেনে নিতে পারছেন না। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট শেষ হতেই ভারতকে ফের খোঁচা দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেপি।

টুইটে কেপি-র লাগাতার খোঁচা
চেন্নাইয়ে প্রথম টেস্ট ইংল্যান্ড জেতার পরই টুইটে ভারতীয় সমর্থকদের খোঁচা দিয়ে পিটারসেন হিন্দিতে লিখেছিলেন, অস্ট্রেলিয়ায় সিরিজ জয় নিয়ে উৎসবে মেতে ওঠা থেকে বিরত থাকতে আগেই পরামর্শ দিয়েছিলাম! আর এবার ভারত সব বিভাগে টেক্কা দিয়ে ৩১৭ রানে জো রুটদের হারানোর পরেও কেপি ভারতকে খোঁচা দিতে ছাড়ছেন না। এদিন তিনি টুইটে লেখেন, বাধাই হো ইন্ডিয়া, ইংল্যান্ড বি কো হারানে কে লিয়ে। অর্থাৎ ভারতীয় দল ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলকে হারিয়েছে। সে কারণে ধন্যবাদ জানাই।

ইংল্যান্ড বোর্ডের সমালোচনা
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সমালোচনাও করেছেন পিটারসেন। তাঁর কথায়, ভারতে টেস্ট জেতা সবচেয়ে কঠিন কাজ। আর সেখানেই জয় নিশ্চিত করার মতো সেরা দল নামানো হচ্ছে না! জেতার জন্য যে আবেগটা প্রয়োজন সেটিও দেখতে পারছেন না বলে দাবি কেপি-র।

মঈনের দেশের ফেরায় অবাক
একটি টেস্ট খেলিয়েই মঈন আলিকে দেশে ফেরানোর সিদ্ধান্তেও অবাক পিটারসেন। দ্বিতীয় টেস্টে মোট আট উইকেট পেয়েছেন মঈন। শেষে ঝোড়ো ব্যাটিং করে হার বাঁচাতে না পারলেও দর্শকদের আনন্দও দিয়েছেন। তারপরও তৃতীয় টেস্টে তাঁকে দলে রাখা হয়নি। এ জন্য নিজের অসন্তোষ গোপন না করে পিটারসেন টুইটে লেখেন, ২০০৫ সালে টিভিতে টেরেস্ট্রিয়াল সম্প্রচার যখন হতো তখন আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম। ওই জয় দেশের ক্রিকেটের চিত্র বদলে দেয়। তারপর ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের সম্প্রচার আমাদের দেশে ফের টেরেস্ট্রিয়াল সম্প্রচারে ফিরে গিয়েছে। এতো বড় সিরিজেও ইংল্যান্ড তাদের সেরা দল নামাচ্ছে না!

ভনের খোঁচা
ইংল্যান্ডের অপর প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন টুইটে লিখেছেন, চেন্নাইয়ের পরিবেশে ভারত অনেকটাই এগিয়ে ছিল। টস জিতলে ইংল্যান্ড চ্যালেঞ্জের মুখে ফেলতে পারত ভারতকে। কিন্তু এই ধরনের পরিবেশে অত্যন্ত দক্ষ দলের কাছেই হেরেছে ইংল্যান্ড। পরের দুটি টেস্টেও যদি প্রথম থেকেই বল ঘোরে তাহলে সিরিজ ভারত ৩-১ ব্যবধানে জিতবে।












Click it and Unblock the Notifications