আনন্দের মধ্যেই ভারতীয় শিবিরকে উদ্বেগে রাখছে এই ক্রিকেটারের চোট
চেন্নাইয়ে আনন্দের মধ্যেই কিছুটা হলেও উদ্বেগে ভারতীয় শিবির। ইংল্যান্ড-বধ সেরে আজই বিরাট কোহলির দলের সিরিজে সমতা ফেরানোর প্রবল সম্ভাবনা। যদিও উদ্বেগ রয়েছে শুভমান গিলের চোট নিয়ে।

টেস্টের তৃতীয় দিনে গতকাল ফিল্ডিং করার সময় বাঁ হাতে চোট পেয়েছিলেন শুভমান গিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছিল। আজ বিসিসিআই সকালেই জানিয়ে দেয়, চতুর্থ দিনে গিল ফিল্ডিং করতে নামবেন না। তাঁর এই চোটের দিকে নজর রেখে সবরকম ব্যবস্থা নিচ্ছে বোর্ডের মেডিক্যাল টিম। ব্যাট হাতেও চেন্নাই টেস্টে সফল হননি গিল। প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে ১৪ রানে আউট হন। চেন্নাইয়ের চিপকেই প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৯ করার পর ৫০ রান করেছিলেন। অস্ট্রেলিয়া সফরেও গিলের ব্যাটিং ভরসা দিয়েছিল ভারতীয় ব্যাটিং লাইন আপকে।
এর আগে এই টেস্টেই প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় চোট পাওয়ায় ফিল্ডিং করতে নামেননি চেতেশ্বর পূজারা। তবে দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করতে নামায় তাঁকে নিয়ে উদ্বেগ দূর হয়েছিল। ২৪ ফেব্রুয়ারি থেকে আমেদাবাদে শুরু হবে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। এই টেস্টটি হবে দিন-রাতের, খেলা হবে গোলাপি বলে।












Click it and Unblock the Notifications