তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ২০৩ রানে হারাল ভারত, কোহলির মুকুটে নয়া পালক
তৃতীয় টেস্টে প্রত্যাশামতোই ট্রেন্ট ব্রিজে জয় পেল ভারত। পঞ্চম দিন খেলার শুরুতেই ২০৩ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজের ব্যবধান ১-২ কমিয়ে আনল বিরাট কোহলির দল।
তৃতীয় টেস্টে প্রত্যাশামতোই ট্রেন্ট ব্রিজে জয় পেল ভারত। পঞ্চম দিন খেলার শুরুতেই ২০৩ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজের ব্যবধান ১-২ কমিয়ে আনল বিরাট কোহলির দল। এদিন জিততে মাত্র একটি উইকেটই প্রয়োজন ছিল ভারতের। শেষ উইকেটে ক্রিজে জমে ছিলেন জেমস অ্যান্ডারসন ও আদিল রশিদ। তবে শেষ অবধি রবিচন্দ্রণ অশ্বিনের বলে ১১ রানে ফেরত যান অ্যান্ডারসন। রশিদ ৩৩ রানে অপরাজিত থাকেন।

কোহলি এই প্রথম অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেলেন। পাঁচ টেস্টের সিরিজের শেষ দুটি ম্যাচ বাকী রয়েছে। ভারত সিরিজ পকেটে পুরতে পারে কিনা সেটাই দেখার।
সবমিলিয়ে ইংল্যান্ড এদিন ৩১৭ রানে অলআউট হয়েছে। ইংল্যান্ডের হয়ে জস বাটলার ১০৬ রান করে যান। এছাড়া বেন স্টোকস ৬২ করেন। এছাড়া টপ অর্ডারের কেউই সেভাবে দাঁড়াতে পারেননি।
টেল এন্ডারদের মধ্যে রশিদ ৩৩ করা ছাড়াও স্টুয়ার্ট ব্রড ২০ ও অ্যান্ডারসন ১১ রান করে বেশ কিছুটা সময় প্রতিরোধ গড়েছিলেন। তবে প্রায় দুদিনের খেলা বাকী থাকায় সেই প্রতিরোধ কাজে আসেনি। এদিন খেলা শুরু আধ ঘণ্টার মধ্যেই ভারত ম্যাচ পকেটে পুরে নেয়।
ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ দ্বিতীয় ইনিংসে ৫টি, ইশান্ত শর্মা ২টি ও অশ্বিন, শামি ও পান্ডিয়া ১টি করে উইকেট পেয়েছেন।
প্রথম ইনিংসে পান্ডিয়া ৫ উইকেট নেন। বিরাট কোহলি দ্বিতীয় ইনিংসে শতরান করে দলের জয় নিশ্চিত করেন। এছাড়া পান্ডিয়াও অপরাজিত ৫২ রান করেন। প্রথম ইনিংসে চেতেশ্বর পূজারা ও দ্বিতীয় ইনিংসে অজিঙ্ক রাহানে দলের হয়ে অর্ধশতরানের ইনিংস খেলেছেন।












Click it and Unblock the Notifications