IND vs ENG: ভারতের সামনে সিরিজ জয়ের হাতছানি, সূর্যর দলের একাদশে একটি পরিবর্তনের সম্ভাবনা
IND vs ENG: কাল রাজকোটে ভারত-ইংল্যান্ড তৃতীয় টি২০ আন্তর্জাতিক। জিতলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ পকেটে পুরে ফেলবেন সূর্যকুমার যাদবরা।
টি২০ বিশ্বকাপ জেতার পর ভারত ১৭টি টি২০ আন্তর্জাতিকের মধ্যে ২টিতে হেরেছে, জিতেছে ১৫টিতে। পরিসংখ্যানেই স্পষ্ট, কতটা দাপট দেখাচ্ছে মেন ইন ব্লু। সেখানে ইংল্যান্ড ভারতের স্পিন সামলাতেই নাজেহাল, খাদের কিনারায় চলে গিয়েছে।

ইংল্যান্ড ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপ ও ২০২২ সালে টি২০ বিশ্বকাপ জিতেছিল। কিন্তু তারপর সাদা বলের ক্রিকেটে জস বাটলারের নেতৃত্বাধীন থ্রি লায়ন্সের গ্রাফ নিম্নগামী। ২০২৩ বিশ্বকাপ ও ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে হতাশাই সঙ্গী হয়েছে। সাদা বলে ইংল্যান্ড দলের হেড কোচ হওয়ার পর প্রথম সিরিজেই হারের দোরগোড়ায় ব্রেন্ডন ম্যাকালাম।
মনে করা হচ্ছে, নিরঞ্জন শাহ স্টেডিয়ামে কালকের টি২০ আন্তর্জাতিক হবে পাটা পিচেই। ফলে হাই স্কোরিং ম্যাচ হওয়ারই সম্ভাবনা। তবে শিশির পড়ছে। সে কারণে কালকের ম্যাচেও টস গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারত এখানে পাঁচটির মধ্যে চারটি টি২০ আন্তর্জাতিক জিতেছে। শেষ ২টি জয়ের ব্যবধান ৮০ রানেরও বেশি।
রাজকোটে বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ১৬ ও ৩৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনে গরম থাকবে। আকাশ থাকবে পরিষ্কার। সন্ধ্যায় খেলা হওয়ায় তাপমাত্রা খুব বেশি থাকবে না, কিন্তু শিশির পড়বে।
মহম্মদ শামি ফিট। কিন্তু তাঁকে খেলানোর বিষয়টি নির্ভর করবে হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদবের উপর। তেমনটাই জানিয়েছেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। ধ্রুব জুরেলের জায়গায় কাল খেলানো হতে পারে শিবম দুবেকে। ইংল্যান্ড আজই অপরিবর্তিত একাদশ ঘোষণা করে দিয়েছে।
ভারতের সম্ভাব্য একাদশ- সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ড- ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভার্টন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, মার্ক উড, আদিল রশিদ।












Click it and Unblock the Notifications