IND vs ENG: রোহিতের কীর্তি স্পর্শের মুখে বাটলার ও সূর্য, অর্শদীপ চেন্নাইয়ে দখলে নিতে পারেন ঈর্ষণীয় রেকর্ড
IND vs ENG: আজ চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ আন্তর্জাতিক খেলতে নামছে ভারত। এই ম্যাচে দুই দলের ক্রিকেটারদের সামনেই একাধিক নজিরের হাতছানি।
চিপকে ভারত দুটি টি২০ আন্তর্জাতিক খেলেছে। জিতেছে একটিতে, হার একটিতে। ইংল্যান্ড এই প্রথম চিপকে কোনও টি২০ আন্তর্জাতিক খেলবে।

ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০২১ সালে আমেদাবাদে। সূর্য এখনও অবধি ৭৯টি টি২০ আন্তর্জাতিকে ১৪৫টি ছয় মেরেছেন। আজ পাঁচটি ছয় মারলে রোহিত শর্মার কীর্তি স্পর্শ করবেন সূর্য।
টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক ছয়ের নজির রয়েছে রোহিতের (২০৫টি)। তিনিই একমাত্র যিনি টি২০ আন্তর্জাতিকে ২০০টি ছয় মারার কীর্তি স্থাপন করেছেন। রোহিতের পর ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি২০ আন্তর্জাতিকে দেড়শোটি ছয় হাঁকানোর দোরগোড়ায় সূর্য।
টি২০ আন্তর্জাতিকে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের ছয়ের সংখ্যা ১৭৩, সংযুক্ত আরব আমিরশাহীর মহম্মদ ওয়াসিমের ১৫৮। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরাণ টি২০ আন্তর্জাতিকে ১৪৯টি ছয় মেরেছেন। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের রয়েছে ১৪৮টি ছয়। আজ বাটলারও দেড়শো ছক্কার মাইলফলক ছুঁতে চাইবেন।
অর্শদীপ সিং ৬১টি টি২০ আন্তর্জাতিক খেলে ৯৭টি উইকেট পেয়েছেন। ভারতের প্রথম বোলার হিসেবে টি২০ আন্তর্জাতিকে শততম শিকারের জন্য তাঁর দরকার তিন উইকেট। বিশ্বের দ্রুততম পেসার হিসেবে টি২০ আন্তর্জাতিকে শততম শিকার ঝুলিতে পোরার রেকর্ডের কাছাকাছি পৌঁছে গিয়েছেন অর্শদীপ সিং।
পাকিস্তানের হ্যারিস রউফ ৭১তম টি২০ আন্তর্জাতিকে শততম উইকেট পেয়েছিলেন। সেই রেকর্ড আজই কিংবা চলতি সিরিজে ছিনিয়ে নিতে পারেন অর্শদীপ। টি২০ আন্তর্জাতিকে দ্রুততম ১০০ উইকেট দখলের রেকর্ড রয়েছে আফগানিস্তানের রশিদ খানের (৫৩টি ম্যাচে)। নেপালের সন্দীপ লামিছানের লেগেছিল ৫৪টি ম্যাচ। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গার ৬৩টি ম্যাচ। ফলে হাসারঙ্গাকে চারে পাঠিয়ে তিনে জায়গা করে নিতে পারেন অর্শদীপ।
টি২০ আন্তর্জাতিকে ৫০০ রান ও ৫০ উইকেট দখলের ক্ষেত্রে তৃতীয় ভারতীয় হিসেবে নিজের নাম লেখাতে অক্ষর প্যাটেলের দরকার ২ রান। ওয়াশিংটন সুন্দরের প্রথম একাদশে আসা অনিশ্চিত। তবে সুযোগ মিললে তিনি যদি তিন উইকেট নেন তাহলে টি২০ আন্তর্জাতিকে তাঁর উইকেট-সংখ্যা হবে ৫০।
টি২০ আন্তর্জাতিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সর্বাধিক উইকেটশিকারী হতে হার্দিক পাণ্ডিয়ার চাই ১টি উইকেট। টি২০-তে ৩ হাজার রান করতে রিঙ্কু সিংয়ের লাগহে আর ২৪ রান।
জস বাটলার যেমন আর ২টি ওভার বাউন্ডারি মারলে টি২০ আন্তর্জাতিকে দেড়শো ছক্কার ক্লাবে যোগ দেবেন, তেমনই টি২০ আন্তর্জাতিকে ভারতের বিরুদ্ধে সর্বাধিক রান সংগ্রহকারী হতে তাঁর চাই ২৭ রান। একটি শিকার নিশ্চিত করলেই টি২০-তে ২০০টি উইকেট হয়ে যাবে জোফ্রা আর্চারের।












Click it and Unblock the Notifications