IND vs ENG: চিপকে শামি কি ফিরছেন ভারতের একাদশে? দ্বিতীয় T20I-র আগে অস্বস্তিতে ইংল্যান্ড
IND vs ENG: কাল চেন্নাইয়ের চিপকে দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। আজ দুই দলই অনুশীলন সারল।
ভারতের একাদশে কাল মহম্মদ শামিকে দেখা যাবে কিনা তা নিয়ে চর্চা অব্যাহত। সমতা ফেরানোর লড়াইয়ে নামার আগে অস্বস্তি রয়েছে ইংল্যান্ডও।

আজ ভারতের যে প্রথম ব্যাচ অনুশীলন করল তাতে ছিলেন মহম্মদ শামি। তাঁর দুই হাঁটুতেই বিশেষ সতর্কতামূলক ব্যবস্থাও নজরে এলো। তিনি নেটে বোলিং করেছেন। শামির বোলিংয়ের দিকে নজর রাখছিলেন বোলিং কোচ মর্নি মরকেল।
ভারতের উইনিং কম্বিনেশনে রদবদলের দরকার নেই। শামি এলে নীতীশ কুমার রেড্ডি বা রবি বিষ্ণোইয়ের মধ্যে কাউকে বসতে হতে পারে। পিচের চরিত্র বুঝেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চিপকে বিষ্ণোইকে বসানোর সম্ভাবনা কম।
চেন্নাইয়ের উইকেট সাধারণভাবে স্পিনারদের সহায়তা করে। তবে গত বছর আইপিএলে ১৮টি ইনিংসে স্পিনাররা যেখানে ২৫টি উইকেট নিয়েছেন, সেখানে পেসাররা পেয়েছেন ৭৪ উইকেট। ইংল্যান্ড ভারতীয় স্পিনারদের সামলাতে ব্যর্থ হয়েছে কলকাতাতেও।
গত বছর জুনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্পিনাররা (কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা) ১১ ওভারে ৫৮ রান খরচ করে নেন ৬ উইকেট। ইডেনে বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেল মিলে ১২ ওভারে ৬৭ রান খরচ করে তুলে নিয়েছেন ৫ উইকেট।
ভারত প্রথম ম্যাচে ওয়াশিংটন সুন্দরকেও খেলায়নি। এ ছাড়া অভিষেক শর্মাও প্রয়োজনে বাঁহাতি স্পিন বোলিং করতে পারেন। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার কলকাতায় স্বীকার করেছেন, অনেকেই ভারতের স্পিনারদের প্রথমবার খেলছেন। সেই স্পিন-দুর্বলতা কাজে লাগিয়েই বাজিমাত করতে পারে ভারত।
ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের সাদা বলের হেড কোচ হিসেবে প্রথম ম্যাচে হেরেছেন। টেস্টে দেখা গিয়েছে ইংল্যান্ড হারলে আরও আগ্রাসী হয়ে ঘুরে দাঁড়ায়। টি২০ আন্তর্জাতিকে পিছিয়ে পড়ার পর সেই একই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আল্ট্রা অ্যাগ্রেসিভ হতে পারে থ্রি লায়ন্স।
ইংল্যান্ড গাস অ্যাটকিনসনের বদলে কাল খেলাবে ব্রাইডন কার্সকে। এ ছাড়া জেকব বেথেল অসুস্থতার কারণে আজ অনুশীলনে ছিলেন না। তিনি কাল খেলতে না পারলে উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথের টি২০ আন্তর্জাতিক অভিষেক হবে।
কালকের ম্যাচ খেলা হবে কালো মাটির ফ্রেশ পিচে। ডিউ ফ্যাক্টর হতে পারে। ফলে টস জিতলে প্রথমে ফিল্ডিং করতে চাইতে পারে সংশ্লিষ্ট দল। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আপেক্ষিক আর্দ্রতা ভালোই থাকতে পারে।
অর্শদীপ সিং টি২০ আন্তর্জাতিকে শততম উইকেট দখল থেকে তিন শিকার দূরে। তিনি কাল এই মাইলস্টোন স্পর্শ করলে রশিদ খান ও সন্দীপ লামিছানের পর তৃতীয় দ্রুততম বোলার হিসেবে এই কীর্তি গড়বেন। ইংল্যান্ড ভারতে ভারতের বিরুদ্ধে ১২টি টি২০ আন্তর্জাতিক খেলেছে। জিতেছে পাঁচটিতে, হেরেছে সাতটিতে।
ভারতের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, রবি বিষ্ণোই বা মহম্মদ শামি, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ- ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল বা জেমি স্মিথ, জেমি ওভার্টন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।












Click it and Unblock the Notifications