বিরাট হিট জুটি, তবু মতানৈক্য বিরাট ও রোহিতের
টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে রান সংগ্রহকারীদের তালিকায় এক নম্বরে রয়েছে বিরাট কোহলি। দুইয়ে উঠে এসেছেন রোহিত শর্মা। টি ২০ বিশ্বকাপে এই ওপেনিং জুটি দিয়েই শুরু করবেন বলে জানিয়ে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এমনকী আইপিএলেও ওপেনার হিসেবেই দেখা যাবে বিরাটকে। ক্রিকেট বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে বিরাটের মতো তাড়াহুড়োর পথে না হেঁটে লোকেশ রাহুলের পাশে থাকার বার্তা দিয়েছেন রোহিত।

ওপেনিং জুটিতেই কামাল
জিতলেই সিরিজ। এই অবস্থায় গতকাল আমেদাবাদের মোতেরায় টি ২০ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বিশ্বের এক নম্বর দল ইংল্যান্ড ও দুই নম্বর দল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান ২ উইকেটে ২২৪ তুলে জয় কার্যত নিশ্চিত করে ফেলে ভারত। বাকি কাজ সারেন ভারতীয় বোলাররা। বিশেষ করে ভুবনেশ্বর কুমারের অনবদ্য স্পেল ভারতকে ৩৬ রানে ম্যাচ জিতিয়ে সিরিজ দখলে নিতে সাহায্য করে। তবে এই সিরিজে এই প্রথম সফল হলো ভারতের ওপেনিং জুটি, বলা ভালো নতুন ওপেনিং জুটি। রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলির ওপেন করতে নামা শুরুতেই ইয়ন মর্গ্যানদের সব ছক তালগোল পাকিয়ে দেয়। ৯ ওভারে ৯৪ রানের পার্টনারশিপ গড়েন ভারতের অধিনায়ক ও সহ অধিনায়ক। ৪টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৬৪ করেন রোহিত। সাতটি চার ও দুটি ছয় মেরে ৫২ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন বিরাট। ম্যাচের শেষে তিনি জানিয়ে দিয়েছেন, টি ২০ বিশ্বকাপে তাঁরাই ওপেন করবেন। এর প্রস্তুতি নিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট আইপিএলেও ওপেন করবেন।

বিরাট ওপেনার
গতকালের ম্যাচে ওপেন করতে নামার আগে ৮৩টি ইনিংসে মাত্র সাতবার ওপেন করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শেষবার করেছিলেন ২০১৮ সালে। তার মধ্যে সবচেয়ে বেশি চারবার লোকেশ রাহুলের সঙ্গে। মুরলী বিজয়, গৌতম গম্ভীর ও শিখর ধাওয়ানের সঙ্গে একবার করে। রোহিতের সঙ্গে এই প্রথম ওপেন করতে নেমে জুটি হিট। এখনও অবধি সরকারিভাবে বিশ্বকাপের আগে ভারতের আর টি ২০ সিরিজ না থাকলেও বিরাট জানিয়েছেন, ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের পর দেশে কয়েকটি টি ২০ আন্তর্জাতিকের ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে। তবে এই সিরিজেই মোটামুটিভাবে চূড়ান্ত হয়ে গিয়েছে কারা প্রথম একাদশে থাকবেন। রোহিত আর আমি পরস্পরকে জানি, আস্থা আছে। তাই পজিটিভ থেকেই এদিন শুরু করি। পরিকল্পনা সঠিকভাবে প্রয়োগ করতে পেরেছি। আজ ফের আমরা ক্ল্যাসিক রোহিত শর্মাকে দেখলাম। এমন শুরুর পর বাকিরা এসে খোলা মনে খেলতে পারছে। প্রথমে সূর্যকুমার ও পরে হার্দিক ঝোড়ো ব্যাটিং করে দলকে বড় রানের দিকে নিয়ে যান। এভাবেই পজিটিভ থেকে ভয়ডরহীন ক্রিকেট চালিয়ে যেতে চাই। উল্লেখ্য, টি ২০ আন্তর্জাতিকে এই নিয়ে সবচেয়ে বেশি সাতবার ম্যান অব দ্য সিরিজ হয়ে বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন বিরাট।

মজবুত মিডল অর্ডার
বিরাট বলেন, আমি আগেও বিভিন্ন পজিশনে ব্যাট করেছি। এখন আমাদের দলের মিডল অর্ডার শক্তিশালী। টি ২০ ক্রিকেটে সেরা দুই ক্রিকেটার আরও বেশি ওভার খেলুন সেটাই চাইছেন ভারত অধিনায়ক। তিনি আরও বলেন, রোহিতের সঙ্গেই ওপেন করব। আমি আর রোহিত ওপেন করলে দুজন সেট হয়ে গেলে বা একজন টিকে গেলেই বিপক্ষকে ধ্বংস করতে পারব। উইকেটের এক প্রান্তে আমি আর রোহিত থাকলে পরের ব্যাটসম্যানরা আত্মবিশ্বাসের সঙ্গে খোলা মনে খেলতে পারবেন। এতে দল উপকৃত হবে। আশা করি, এই পরিকল্পনা সফল হবে এবং বিশ্বকাপেও আমরাই ওপেন করব। রোহিত শর্মা অবশ্য বলেছেন, বিশ্বকাপের এখন অনেক দেরি। ফলে কী ব্যাটিং অর্ডার হবে তা নিয়ে এখনই কিছু বলা সঠিক হবে না। দলের পক্ষে যেটা ভালো হয় সেটাই বিশ্লেষণ করে ঠিক করতে হবে। শেষ ম্যাচে আরও একজন বোলারকে (নটরাজন) খেলাতে আমাদের দুজনের ওপেন করা একটা ট্যাকটিক্যাল মুভ ছিল। একজন ব্যাটসম্যানকে বাদ দিতেই হতো। সে কারণেই লোকেশ রাহুলকে দুর্ভাগ্যজনকভাবে বাইরে রাখার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

স্বাগত বিশেষজ্ঞদের
রোহিত-বিরাটের জুটি সচিন-শেহওয়াগের মতো হয়ে উঠতে পারে বলে মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। সুনীল গাভাসকরও দেখতে চাইছেন এই জুটি। তিনি বলেন, সীমিত ওভারের ক্রিকেটে দলের সেরা ব্যাটসম্যান যত বেশি বল খেলতে পারেন সেটাই ভালো। রাহুলের খারাপ ফর্ম ভারতের কাছে আশীর্বাদ হয়েই এসেছে। বিরাটের টপ অর্ডারেই খেলা উচিত। সচিন আগে মিডল অর্ডারে খেলতেন। কিন্তু তাঁকে ওপেনার হিসেবে পাঠানোর পর থেকে তাঁর খেলা শুধু উন্নতই হয়নি দল উপকৃত হয়েছে। ফলে একটাই কথা, দলের সেরা ব্যাটসম্যানের সবচেয়ে বেশি বল খেলা উচিত। আমি হলে এই ফর্মুলাই ধরে রাখতাম। দুজন মাঠের মধ্যে ক্রমাগত নিজেদের মধ্যে আলোচনা করে এগিয়েছেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁরা যেভাবে খেলেছেন তাতে পরের দিকে ব্যাটসম্যানদের সুবিধা হয়। সূর্যকুমার যাদব যে ক্যামিও খেলেছেন সেটাও খুব ভালো। গাভাসকরের সঙ্গে এ বিষয়ে সহমত পোষণ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।

রাহুলের সমর্থনে রোহিত
বিরাট-রোহিতের জুটিতে লোকেশ রাহুলের ভবিষ্যৎ অন্ধকার, এটা মানতে নারাজ রোহিত। তিনি বলেন, বিশ্বকাপ যত এগিয়ে আসবে পরিস্থিতি বদলাবে। আমরা রাহুলের দক্ষতা, টপ অর্ডারে তাঁর অবদান জানি। রাহুল আমাদের দলের জন্য যা করেছেন তা কেউই ভুলিনি। ফলে আমি কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না। আমি এটাও বলছি না, এটাই বিশ্বকাপের ব্যাটিং লাইন আপ। কারণ বিশ্বকাপের অনেক দেরি। আইপিএল রয়েছে এবং শুনতে পাচ্ছি বিশ্বকাপের আগেও দেশের মাটিতে টি ২০ সিরিজের ব্যবস্থা করা হচ্ছ। কখনও কখনও ছয় বোলার খেলাতে একজন ব্যাটসম্যানকে বাদ দিতেই হয়। বিশ্বকাপে মাঠ, প্রতিপক্ষ এ সবের উপরও প্রথম একাদশ নির্ভর করবে। দলের পক্ষে যেটা সেরা হবে সেটাই সব কিছু বিশ্লেষণ করে চূড়ান্ত করা হবে। যদি মনে হয় রাহুল আমার সঙ্গে ওপেন করলে ভালো সেটাও হতেই পারে। রোহিত হেসে আরও বলেন, টি ২০ সিরিজ শেষ হলো। আমার মনে হয় না ওয়ান ডে-তে বিরাট আমার সঙ্গে ওপেন করবেন। সম্পূর্ণ দলগত সংহতিতেই এই জয় এসেছে। জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।












Click it and Unblock the Notifications