কৃষ্ণ-শার্দুলে বিরাট কামব্যাক, পুনেতে প্রথম ম্যাচেই পরাস্ত বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম একদিনের সিরিজে বিরাট কোহলিদের স্মরণীয় কামব্যাক। আর তারই সুবাদে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৬ রানে পরাস্ত করে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত।

জয়ের জন্য ৩১৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে যেভাবে ইংল্যান্ডের দুই ওপেনার ঝড় তোলেন তাতে ইয়ন মর্গ্যানের দল একতরফাভাবেই জিতে যাবে বলে মনে করা হচ্ছিল। ১৪.২ ওভারে প্রথম উইকেট পড়ে ইংল্যান্ডের। কলকাতা নাইট রাইডার্সে খেলা পেসার প্রসিদ্ধ কৃষ্ণ আন্তর্জাতিক অভিষেক ম্যাচে প্রথম উইকেট পান জেসন রয়কে ফিরিয়ে। ৩৫ বলে ৪৬ রান করে আউট হন রয়। এই অবস্থা থেকে পরবর্তী ৬২ বলে আরও চার উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় ইংল্যান্ড। তিনে নেমে এক রান করে বেন স্টোকস কৃষ্ণর দ্বিতীয় শিকার।
৬৬ বলে ৯৪ করে আউট শার্দুল ঠাকুরের বলে আউট হন জনি বেয়ারস্টো। ২৪তম ওভারের প্রথম ও চতুর্থ বলে ইয়ন মর্গ্যান ও জস বাটলারকে শার্দুল ঠাকুর ফেরাতেই জয়ের গন্ধ পেতে শুরু করে ভারত। মর্গ্যান ২২ ও বাটলার ২ রানে আউট হন। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বিশ্বচ্যাম্পিয়নরা। ৪২.১ ওভারে ২৫১ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ড। ৫৪ রানের বিনিময়ে ৪ উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। অভিষেকে ভারতীয় বোলারের এটাই সেরা বোলিং ফিগার। শার্দুল ঠাকুর তিনটি উইকেট দখল করেন। ভুবনেশ্বর কুমারের ঝুলিতে টি উইকেট। অভিষেক ম্যাচে ৬০ রান দিয়ে সাম কারানের উইকেটটি তুলে নেন ক্রুনাল পাণ্ডিয়া।
এর আগে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৭ রান তোলে ভারত। শিখর ধাওয়ান ২ রানের জন্য শতরান হাতছাড়া করেন। লোকেশ রাহুল এই ম্যাচে উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ৪৩ বলে ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। তাঁর ফর্মে ফেরা স্বস্তি দিল ভারতীয় শিবিরে। চারটি করে চার ও ছয় মারেন পাঁচে নামা রাহুল। অধিনায়ক বিরাট কোহলি করেন ৫৬। একদিনের আন্তর্জাতিকে অভিষেক ম্যাচে ৩১ বলে ৫৮ করে অপরাজিত থাকেন ক্রুনাল পাণ্ডিয়া। ইংল্যান্ডের সফলতম বোলার বেন স্টোকস ৩৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। বাকি দুটি উইকেট নেন মার্ক উড।












Click it and Unblock the Notifications