সতীর্থদের ব্যর্থতা ঢেকে ভারতকে সম্মানজনক জায়গায় রাখলেন বিরাট

ফের চওড়া হলো অধিনায়ক বিরাট কোহলির ব্যাট। ব্যাটিং বিপর্যয় ঢেকে আমেদাবাদের মোতেরায় তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিল অধিনায়কোচিত দুরন্ত অর্ধশতরান। ভারতের প্রথম তিন উইকেট পড়ে গিয়েছিল ২৪ রানের মধ্যে। সেখান থেকে একার কাঁধে দলকে এগিয়ে নিয়ে যান বিরাট। টস হেরে ব্যাট করতে নেমে যেভাবে ভারত ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল তাতে দেড়শো রান তোলা কঠিন ছিল। কিন্তু তা সম্ভব হলো বিরাট চেনা ছন্দে থাকায়। ভারত নির্ধারিত ২০ ওভারে তুলল ৬ উইকেটে ১৫৬। বিরাট কোহলি অপরাজিত থাকেন ৪৬ বলে ৭৭ রানে। মেরেছেন ৮টি চার, চারটি ছয়। হার্দিক পাণ্ডিয়া করেন ১৭। ইংল্যান্ডের সফলতম বোলার মার্ক উড। চার ওভারে ৩১ রানে তিনি ৩ উইকেট নিয়েছেন। দুটি উইকেট পেয়েছেন ক্রিস জর্ডন।

ছন্দে বিরাট

ছন্দে বিরাট

আজকের ম্যাচে চারে ব্যাট করতে নামেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। উইকেটের অপর প্রান্তে একের পর এক সতীর্থ ব্যর্থ হয়ে ফিরলেও সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেয় বিরাটের চওড়া ব্যাট। ম্যাচের ১৭ ওভারের তৃতীয় বলে ক্রিস জর্ডনকে ছক্কা মারার পর শেষ বলে চার মেরে ৩৭ বলে দুরন্ত অর্ধশতরান পূর্ণ করেন ভারত অধিনায়ক। চলতি সিরিজের প্রথম ম্যাচে শূন্য করার পর আগের ম্যাচে অপরাজিত ছিলেন ৭৩ রানে। এদিন অর্ধশতরান পূর্ণ করা অবধি তিনি মেরেছিলেন পাঁচটি চার ও দুটি ছক্কা। টি ২০ আন্তর্জাতিকে ২৭তম ও টি ২০ কেরিয়ারের ৭০তম অর্ধশতরানের পরও পাল্টা আক্রমণের রাস্তা ছাড়েননি ভারত অধিনায়ক। ১৫ ওভারে ভারতের রান ছিল ৫ উইকেটে ৮৭। সেখান থেকে ১৫৬-এ ভারতকে পৌঁছে দিল বিরাটের বিস্ফোরক ব্যাটিং। শেষ ৫ ওভারে এদিন ১৭ বলে ৪৯ করেন বিরাট। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ৫ ওভারে তিনি ২০ বলে ৪৯ করেছিলেন। যুবরাজ সিং ২০১৭ সালে শেষ ৫ ওভারে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ১৬ বলে ৫৮। এদিন শেষ অবধি ব্যাট করে বিরাট ৪৬ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন। বিরাটের ইনিংস সাজানো ৮টি চার ও চারটি ছক্কা দিয়ে।

ব্যর্থ ওপেনিং জুটি

ব্যর্থ ওপেনিং জুটি

ওপেনিং জুটির সেরা কম্বিনেশন নিয়ে কিছুতেই চিন্তা কাটছে না ভারতের। নানা কম্বিনেশন চেষ্টা করেও কাজ হচ্ছে না। আজ ফের ব্যর্থ হলেন লোকেশ রাহুল। বিশ্বকাপের প্রস্তুতিতে যা নিঃসন্দেহে বড় ধাক্কা। এই নিয়ে টানা দ্বিতীয়বার তিনি শূন্য রানে আউট হলেন। ২.৩ ওভারে ভারতের স্কোর তখন ৭। রোহিত, রাহুলের জুটিই ভারতের প্রথম পছন্দের ওপেনিং জুটি হলেও রাহুলের লাগাতার ব্যর্থতাই চিন্তা বাড়াচ্ছে বিরাট কোহলিদের। শিখর ধাওয়ানকে ব্যাক আপ ওপেনার হিসেবে ভাবা হচ্ছে। তিনি প্রথম ম্যাচে ব্যর্থ হয়ে বাদ পড়েন। তাঁর জায়গায় খেলতে নেমে আগের দিন অভিষেক ম্যাচে দলকে জেতালেও আজ তিনে নেমে ঈষান কিষাণ ব্যর্থ। জীবন পেয়েও বড় রান তুলতে পারলেন না রোহিত।

লাগাতার শূন্য

লাগাতার শূন্য

আগের ম্যাচে রাহুল ওপেন করতে নেমে ৬ বলে ০ রানে আউট হয়েছিলেন। সিরিজের প্রথম টি ২০ ম্যাচে তিনি করেছিলেন ১। তার আগে অস্ট্রেলিয়ায় শেয টি ২০-তেও ০ রানে তিনি আউট হন। ফলে শেষ চারটি টি ২০-তে তাঁর রান যথাক্রমে ০,১,০, ০। একই সিরিজ বা টুর্নামেন্টে সবচেয়ে বেশি শূন্য রান করা ভারতীয়দের তালিকায় তিনি ঢুকে পড়লেন। টি ২০ বিশ্বকাপে আশিস নেহরা দুবার শূন্য রানে আউট হয়েছিলেন। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে অম্বাতি রায়াডুও দুবার শূন্যে প্যাভিলিয়নে ফেরেন।

ভরসা দিতে পারল না মিডল অর্ডার

ভরসা দিতে পারল না মিডল অর্ডার

এদিনের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ভারত। সূর্যকুমার যাদব আগের অভিষেক ম্যাচে ব্যাট করতে না পেরেও আজ বাদ পড়েন। তাঁর জায়গায় প্রথম একাদশে ফেরেন রোহিত শর্মা। ম্যাচের দ্বিতীয় ওভারে জোফ্রা আর্চারের বলে জীবন পেয়েও বড় রান পেতে ব্যর্থ রোহিত। ১৭ বলে ১৫ রান করে তিনি আউট হন। উডের দ্বিতীয় শিকার রোহিত। চার রান করে তিনে নামা ঈষান কিষাণ ক্রিস জর্ডনের বলে কট বিহাইন্ড হন। এরপর বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ঝোড়ো ব্যাটিং করছিলেন ঋষভ পন্থ। যদিও ২০ বলে ২৫ রান করে তিনি রান আউট হন ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে। শ্রেয়স আয়ার উডের তৃতীয় শিকার। ৯ রানে আউট হন তিনি।

মর্গ্যানের শততম ম্যাচ

মর্গ্যানের শততম ম্যাচ

আজ কেরিয়ারের শততম টি ২০ আন্তর্জাতিক খেলছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। টস জিতে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। ইংল্যান্ড দলে একটিই পরিবর্তন হয়েছে। মার্ক উড ফিট হয়ে ফিরেছেন টম কারানের জায়গায়। তিনিই এদিন ইংল্যান্ডের সফলতম বোলার। নিজের মাইলস্টোন ম্যাচ নিয়ে মর্গ্যান বলেন, আজকের দিনটা আমার ও আমার পরিবারের কাছে একটি বিশেষ দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+