ইংল্যান্ডের স্পিন কম্বিনেশনে কি আসছে পরিবর্তন? পানেসরের পছন্দ এই অভিজ্ঞ ক্রিকেটার
ইংল্যান্ডের স্পিন কম্বিনেশনে কি আসছে পরিবর্তন? পানেসরের পছন্দ এই অভিজ্ঞ ক্রিকেটার
চেন্নাই টেস্টের (Chennai Test) জন্য আজ থেকে চিপকে অনুশীলন শুরু করছে ইংল্যান্ড (England)। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জেতার পর গোটা দল বেশ আত্মবিশ্বাসী। তার উপর বেশ কয়েকজনের ভারতে আইপিএল খেলার অভিজ্ঞতা থাকায় বিরাট কোহলি (Virat Kohli)-র দলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে মুখিয়ে ইংল্যান্ড। চিপকে প্রথম দুটি টেস্ট। সাধারণভাবে চেন্নাইয়ের পিচ স্পিনারদের সহায়তা করে। ফলে ভারতের (Indian Cricket Team) শক্তিশালী ব্যাটিং লাইন আপকে চ্যালেঞ্জের মুখে ফেলতে সেরা স্পিন জুটি নিয়ে নামতে চাইছে ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই নজর প্রথম একাদশে কারা থাকবেন তাঁদের নিয়ে।

শ্রীলঙ্কায় বাজিমাত লিচ-বেস জুটির
সদ্যসমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে ইংল্যান্ডের দুই স্পিনার ডম বেস (Dom Bess)ও জ্যাক লিচ (Jack Leach) কার্যত ত্রাস হয়ে উঠেছিলেন। দুই টেস্টের সিরিজে বেস নিয়েছেন ১২ উইকেট এবং লিচের ঝুলিতে গিয়েছে ১০ উইকেট। দুজনেই একবার করে ইনিংসে পাঁচ উইকেট এবং দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দুজনেই চারটি করে উইকেট নিয়ে বিপক্ষকে ১২৬ রানে গুটিয়ে দেন। এই সিরিজ শুরুর আগে করোনা আক্রান্ত হন মঈন আলি। তাঁর অভাব বুঝতে দেননি লিচ-বেস।

ভারতে লড়াই অন্যরকম
ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসরের (Monty Panesar) দাওয়াই, শ্রীলঙ্কা সিরিজের স্পিন কম্বিনেশনে পরিবর্তন আনা হোক। এই পরিবর্তন আনা না হলে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট বড় ভুল করবে বলেও সতর্কবার্তা পানেসরের। ২০১২ সালে ভারতের মাটিতে গ্রেম সোয়ানের সঙ্গী হয়ে বিপজ্জনক হয়ে উঠেছিলেন তিনি। তিন টেস্টে ১৭টি উইকেট দখল করেন। নিজের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন তিনি। ইংল্যান্ডের স্পিনারদের উদ্দেশ তাঁর বার্তা, ভালো লেংথে বল করতে হবে। তবে ফ্ল্য়াট লাইনে বল করতে সুবিধা হবে বিপক্ষ ব্যাটসম্যানদের। তাই জোর দিতে হবে বল ফ্লাইট করানোয়।

পানেসরের পছন্দ মঈন আলি
সাধারণভাবে অনেক সময় কোনও দল উইনিং কম্বিনেশন ধরে রাখে। কিন্তু ভারতে ইংল্যান্ডের সে পথে হাঁটা উচিত নয় বলেই মত পানেসরের। সে কারণেই অভিজ্ঞ মঈন আলিকে (Moeen Ali) প্রথম একাদশে দেখতে চান তিনি। ৬০টি টেস্ট খেলা মঈন যদিও শেষ টেস্ট খেলেছেন বছর দেড়েক আগের অ্যাশেজে। তবু ভারতের বিরুদ্ধে তাঁর পরিসংখ্যান এবং ভারতে খেলার অভিজ্ঞতার কারণেই মঈনকে খেলানোর পক্ষে সওয়াল করেছেন পানেসর। তাঁর যুক্তি, শ্রীলঙ্কায় খেলতে না পারায় এমনিতে তিনি তরতাজা তো আছেনই, সাফল্যের খিদেও রয়েছে।

চেন্নাইয়ে খেলুক লিচ-মঈন জুটি
ভারতীয় দলে বেশিরভাগ ডানহাতি ব্যাটসম্যান। লিচ প্রথম একাদশে থাকবেন বলে নিশ্চিত পানেসর। তবে ডম বেসের চেয়ে মঈন আলিকেই এগিয়ে রাখছেন তিনি। আলির ভারতে খেলার অভিজ্ঞতা, সাফল্য সব আছে। ব্যাটের হাতও ভালো। তাই চেন্নাইয়ে প্রথম টেস্টের প্রথম একাদশে লিচ-মঈনকে দেখতে চান মন্টি। তিনি আরও বলেছেন, অভিজ্ঞ আলিকে প্রথম একাদশে দেখতে চাইবে না ভারতও। তবে বেস-লিচ জুটি থাকলে বিরাটদের মুখে হাসি ফুটবে বলেই মনে করেন পানেসর।












Click it and Unblock the Notifications