টি ২০ বিশ্বকাপের দল চূড়ান্ত করতে ইংল্যান্ড সিরিজে যে পরিকল্পনা ভারতের
দেশের মাটিতে হবে টি ২০ বিশ্বকাপ। আইপিএল, দীর্ঘ ইংল্যান্ড সফরের পর দেশে ফিরে টি ২০ বিশ্বকাপের ঠিক আগে সাদা বলের ক্রিকেট খেলবে ভারত। কিন্তু সেই সিরিজগুলিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ফলে টি ২০ বিশ্বকাপের দল কেমন হবে তা চূড়ান্ত হয়ে যাবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজেই। আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই সিরিজ শুরুর আগে প্রথম একাদশ নিয়ে চলছে নানা জল্পনা।

রোহিতের সঙ্গী
ওপেনিংয়ে রোহিত শর্মার জায়গা পাকা। তাঁর সঙ্গী কে হবেন তা নিয়েই চলছে জল্পনা। লোকেশ রাহুল দলের সঙ্গে রয়েছেন দীর্ঘদিন। ঋষভ পন্থ আসায় উইকেটের পিছনে তাঁকে দাঁড়াতে হবে না। তবে উইকেটকিপারের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে ওপেনিংয়েও ভালো পারফর্ম করেছেন রাহুল। আবার অভিজ্ঞ শিখর ধাওয়ানও দৌড়ে আছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ অবশ্য ধাওয়ানের চেয়ে গত আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহক রাহুলকেই এখন এগিয়ে রাখছেন। তাঁর কথায়, এটা ঠিক শিখর ধাওয়ান শতরান-সহ গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দারুণ খেলেছেন। অভিজ্ঞ শিখর বিজয় হাজারে ট্রফিতেও ১৫৩ রানের ইনিংস খেলে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবু বলব, গত কয়েক বছরে রাহুলের কাছ থেকে দল যা চেয়েছে রাহুল সেই আস্থার মর্যাদা দিয়েছেন। ফলে রোহিতের সঙ্গে রাহুলকেই খেলানো উচিত। শিখর ব্যাক-আপ ওপেনার হিসেবেই থাকুক। যদি দুজনের কেউ চোট পান বা ফর্ম হারান তখন প্রথম একাদশে আনা যেতেই পারে ধাওয়ানকে।

বিরাটকে নিয়ে
ভারত অধিনায়ক বিরাট কোহলির আরও খোলা মনে খেলা উচিত বলেই মনে করেন লক্ষ্মণ। তিনি বলেন, বিরাট একজন দুর্দান্ত ব্যাটসম্যান, ভালো স্ট্রোক প্লেয়ার। ভারতের যা ব্যাটিং গভীরতা রয়েছে তাতে বিরাট আরও খোলা মনে স্বাভাবিক খেলা খেলুক। পজিটিভ থেকে যদি বড় শট খেলায় বিরাট জোর দেন তাতে তাঁর স্ট্রাইক রেটই শুধু বাড়বে না, ধারাবাহিকতাও বাড়বে। ডেথ ওভারে বোলিং-সহ ইংল্যান্ডের পেস আক্রমণ বৈচিত্র্যময় হলেও স্পিন বিভাগে দুর্বলতা আছে বলে মত লক্ষ্মণের। ফলে তাঁর পরামর্শ যেহেতু শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়ারা রয়েছেন তাই তিনে নেমে স্বাধীনভাবে খেলুন বিরাট। এভাবে তিনি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারবেন বিপক্ষের কাছে।

ভরসা ভুবনেশ্বরে
ভুবনেশ্বর কুমারকে লম্বা সময়ের জন্য ফিট রাখতে টি ২০ সিরিজে তিনটির বেশি ম্যাচ খেলানো উচিত নয় বলেই পরামর্শ লক্ষ্মণের। তিনি বলেন, নতুন বলের পাশাপাশি ডেথ ওভারে বোলিংয়ের অভিজ্ঞতায় জশপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার বাকিদের চেয়ে এগিয়ে। চোট যাতে বাধা হয়ে না দাঁড়ায় সে কারণে তাঁকে টানা খেলানোর পক্ষপাতী নন লক্ষ্মণ। নভেম্বরে টি ২০ বিশ্বকাপে ভারতের বোলিং আক্রমণের অন্যতম ভরসা ভুবনেশ্বর। ফলে চোট প্রবণতার কথা মাথায় রেখে ওয়ার্কলোড কমিয়ে ভুবিকে মাঝেমধ্যে বিশ্রাম দেওয়ার পরামর্শই দিয়েছেন লক্ষ্মণ।

চলতি সিরিজই পাখির চোখ
ভারতের টি ২০ বিশ্বকাপ দলে খুব বেশি রদবদল হবে না বলে জানিয়েছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। তিনি বলেন, এই সিরিজের পরই মোটামুটিভাবে টিম কম্বিনেশন চূড়ান্ত হয়ে যাবে। শুধু কেউ ফর্ম হারালে বা চোট পেলে কে কার বিকল্প হতে পারেন তা আমরা এই সিরিজে দেখে নিতে চাইছি। হার্দিক পাণ্ডিয়া আর ঋষভ পন্থ প্রথম একাদশে থাকছেন। গত বছর সীমিত ওভারের ক্রিকেট থেকে বাদ পড়েন পন্থ। হার্দিক পাণ্ডিয়াও অস্ট্রেলিয়া সিরিজের পর ফের দলে আসছেন। রাঠোর বলেন, শুরুটা ভালো হলে পাণ্ডিয়া আর পন্থ শুরু থেকেই চালাতে পারেন। তবে ঝোড়ো গতিতে রান তোলার পাশাপাশি মাথা ঠাণ্ডা রেখেও ম্যাচ বের করা জরুরি। সেই কাজেও এই দুজন সফল হবেন বলেই আশা রাঠোরের। ফর্মে থাকা পন্থকে প্রয়োজনমতো ব্যাটিং অর্ডারে তুলে আনার পরিকল্পনাও করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।












Click it and Unblock the Notifications