ক্রিকেট সঞ্চালিকার ইয়র্কারে বোল্ড 'বুম বুম'! গোয়ায় ব্যাচেলর তকমা হারালেন বুমরাহ
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জশপ্রীত বুমরাহ। বিয়ের জন্যই টি ২০ সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে গোয়ায় হলো বিয়ের অনুষ্ঠান। ক্রিকেট সঞ্চালিকা সঞ্জনা গণেশনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বুমরাহ। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি, যুজবেন্দ্র চাহাল-সহ সতীর্থরা।

গোয়ায় বিয়ে
বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবর দিয়েছেন জশপ্রীত ও সঞ্জনা। নবদম্পতি নতুন যাত্রাপথের সূচনার কথা জানিয়ে তাঁদের বার্তায় লিখেছেন, আজকের দিনটি দুজনের কাছেই অন্যতম আনন্দের দিন। সকলের কাছে আশীর্বাদ ও শুভেচ্ছাও প্রার্থনা করেছেন তাঁরা। জানা গিয়েছে, গোয়ায় খুব গোপনীয়তা বজায় রেখেই হয়েছে বিয়ের অনুষ্ঠান। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলায় ও জৈব সুরক্ষা বলয়ে থাকা জাতীয় দলে বুমরাহ-র সতীর্থদের কেউ বিয়ের অনুষ্ঠানে থাকতে পারেননি।

ফোনেও বিধিনিষেধ
গতকাল থেকেই বিয়ের যাবতীয় রীতি মেনে অনুষ্ঠান শুরু হয়েছিল গোয়ায়। সেখানে দুই পরিবারের কয়েকজন এবং জশপ্রীত ও সঞ্জনার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাই ছিলেন। কোভিড পরিস্থিতির কারণেই বেশি লোকজনকে বিয়ের অনুষ্ঠানে ডাকা হয়নি। ফোন নিয়েও প্রবেশে নিষেধাজ্ঞা ছিল বলেই খবর। বিয়ের ছবি যাতে আগেভাগে বাইরে না আসে সেজন্যই এই গোপনীয়তা ছিল বলে মনে করা হচ্ছে। বুমরাহ ও সঞ্জনা বিয়ের পর সেই খবর নিজেরাই সোশ্যাল মিডিয়াতে দিলেন।

সঞ্জনা নাইটদের ঘরের মেয়ে
জশপ্রীত বুমরাহ ও সঞ্জনা গণেশনের পরিচয় ও প্রেম আইপিএলের সময়ই হয় বলে জানা গিয়েছে। তবে তাঁদের সম্পর্কের কথাও খুব বেশি প্রকাশ্যে আসেনি। আইপিএলের আসরে পেশায় সঞ্চালিকা ও মডেল সঞ্জনা চেনা মুখ। তিনি প্রাক্তন মিস ইন্ডিয়া ফাইনালিস্ট। স্টার স্পোর্টসে আইপিএল ছাড়াও প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ সঞ্চালনা করেছেন। ২০১৪ সালে এমটিভি স্প্লিটসভিলা এবং ২০১৯ সালের বিশ্বকাপের সময় ম্যাচ পয়েন্ট, চিকি সিঙ্গলসের মতো অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অন্দরের খবর জানাতে কেকেআর ডায়েরিজ সঞ্চালনাও করেছেন সঞ্জনা।

বিনি ও বুমরাহ-র মিল
জনপ্রিয় সঞ্চালিকা মায়ান্তি ল্যাঙ্গারকে বিয়ে করেছেন স্টুয়ার্ট বিনি। এবার মডেল কাম সঞ্চালিকা সঞ্জনায় বোল্ড হলেন বুমরাহ। তিনি ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন। তাঁর ছুটি বোর্ড মঞ্জুর করার পরই খবর আসে, শীঘ্রই বুমরাহ বিয়ে করছেন। সেই জল্পনা আজ পরিণতি পেল। টি ২০ সিরিজের পর একদিনের সিরিজেও বুমরাহ নাও খেলতে পারেন। সামনে টানা ক্রিকেট। তাই বিয়ে সেরে, বিশ্রাম নিয়ে বুমরাহ একবারে আইপিএলেই নামবেন বলে জল্পনা চলছে। বুমরাহ মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন। আর সঞ্জনা তো নাইটদের ঘরের মেয়ে।
ছবি- ইনস্টাগ্রাম (জশপ্রীত বুমরাহ ও সঞ্জনা গণেশন)












Click it and Unblock the Notifications