পিচ নিয়ে সমালোচনার পাল্টা দিলেন বিরাট কোহলি
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম থেকেই চলছে পিচ বিতর্ক। দ্বিতীয় টেস্ট থেকে তৃতীয় টেস্টে তা ক্রমেই বেড়েছে। এবার পিচ নিয়ে সমালোচনার বিষয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

কাল টেস্ট শুরুর আগে আজ সাংবাদিক সম্মেলনে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বিরাট জানতে চান, আমরা পাঁচ দিন টেস্ট চলুক তার জন্য খেলি, না জেতার জন্য খেলি? নিউজিল্যান্ডে আমরা তিন দিনে টেস্ট হেরেছিলাম। তখন পিচ নিয়ে কেউ কিছু বলেননি। আমরা নিজেদের উপর ফোকাস ঠিক রাখি, এটাই আমাদের শক্তি, পিচ নয়। এ বিষয়ে আমরা সততার পথেই চলি। উল্লেখ্য, নিউজিল্যান্ড সফরে ভারত ০-২ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল। দুটি টেস্টই শেষ হয়েছিল তিন দিনের মধ্যেই।
বিরাট আরও বলেন, আমার মনে হচ্ছে টার্নিং ট্র্যাক নিয়ে বড্ড বেশি কথা হচ্ছে। উপমহাদেশে স্পিন সহায়ক উইকেট হয় এই বিষয়টিও সংবাদমাধ্যমের তুলে ধরা প্রয়োজন। তবে আমরা কোনও উইকেট দেখেই কুঁকড়ে যাই না, এটাই দল হিসেবে আমাদের সাফল্যের কারণ। চ্যালেঞ্জ উপভোগ করে আমরা সব সময় উন্নতির চেষ্টা করি। ভারত অধিনায়কের কথায়, কেন খালি পিচ আর বল নিয়ে কথা হচ্ছে তা বুঝতে পারছি না। তৃতীয় টেস্টে কোনও দলের ব্যাটসম্যানই ভালো খেলেননি। পিচ খারাপ ছিল বলে এটা হয়েছে তা বিশ্বাস করি না। খামতি ছিল ব্যাটিং স্কিলে।












Click it and Unblock the Notifications