মোতেরায় খেলা হবে ঘূর্ণিতেই, দুই দলের প্রথম একাদশেই পরিবর্তনের হাওয়া
কাল থেকে আমেদাবাদের মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। সিরিজ জিততে ভারতের দরকার ড্র। আর ইংল্যান্ড সম্মান পুনরুদ্ধারে জয়ই চাইছে। দুই দলই ধরে নিয়েছে আগের টেস্টগুলির মতোই ফয়সালা হবে শেষ টেস্টেও। আর খেলা দেখাবে মোতেরার ঘূর্ণি উইকেট।

ভারতের প্রথম একাদশ যেমন হতে পারে
ভারত এই টেস্টে পাচ্ছে না জশপ্রীত বুমরাহকে। তাঁর পরিবর্তে উমেশ যাদব প্রথম একাদশে আসতে চলেছেন। ঘূর্ণি পিচে তিন স্পিনারের ফর্মুলাই ধরে রাখছে সিরিজে এগিয়ে থাকা ভারত। কুলদীপ যাদবের প্রশংসা করলেও বিরাট কোহলির কথায় ইঙ্গিত মিলেছে, এই টেস্টেও ওয়াশিংটন সুন্দরই থাকছেন প্রথম একাদশে। তিনি বুঝিয়ে দেন, রবীন্দ্র জাদেজা যদি থাকতেন তাহলে তৃতীয় স্পিনার হিসেবে কুলদীপ অবশ্যই পছন্দের তালিকায় থাকতেন। তিনি বোলিং ভালো করছেন। তাছাড়া তিনি ভালো স্পিনার বলেই জাতীয় দলে রয়েছেন। কিন্তু সুন্দর ব্যাট হাতেও রান পেয়েছেন। এই বিষয়টাই কুলদীপের চেয়ে সুন্দরকে যে এগিয়ে রাখছে তা স্পষ্ট করে দিয়েছেন ভারত অধিনায়ক। আর গুরুত্বপূর্ণ টেস্টে মহম্মদ সিরাজের চেয়ে উমেশ যাদবকে এগিয়ে রাখছে অভিজ্ঞতা। ভারতের বাকি দল অপরিবর্তিতই থাকছে।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, উমেশ যাদব।

ইংল্যান্ডেও পরিবর্তনের হাওয়া
পরপর দুটি টেস্টে হেরে সিরিজ খোয়ানোর আশঙ্কায় ইংল্যান্ড। পিচের চরিত্র বুঝতে ভুল হওয়ায় আগের টেস্টে দল নির্বাচনে ত্রুটিও যে ভুগিয়েছে সে কথা মেনে নিয়েছেন জো রুট। ভারতীয় স্পিনারদের সামলাতে কী রণকৌশল ধরে ইংল্যান্ড প্রস্তুতি নিয়েছে তার পরীক্ষা তো হবে মাঠে। কিন্তু ইংল্যান্ড টপ ও মিডল অর্ডারের কাছ থেকে আবারও বড় রান প্রত্যাশা করছে। শেষ পাঁচটি ইনিংসে একবারও দুশো টপকাতে না পারা নিয়ে বেশ চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগে প্রথম একাদশ নিয়ে স্বাভাবিকভাবেই ধোঁয়াশা রেখেছ ইংল্যান্ড। ঘূর্ণি পিচে ফের রুটরা প্রথম একাদশে জ্যাক লিচের সঙ্গী করতে পারেন বিশেযজ্ঞ স্পিনার ডম বেসকে। দুটি টেস্টে উইকেট না পাওয়া স্টুয়ার্ট ব্রড প্রথম একাদশ থেকে এবার বাদ পড়তে পারেন। জোফ্রা আর্চারের জায়গায় খেলানো হতে পারে অলি স্টোনকে, যিনি প্রথম দুটি টেস্টে চার উইকেটও পেয়েছিলেন। সম্ভাব্য চমক হতে পারেন মার্ক উড।
ইংল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ: জ্যাক ক্রলি, ডম সিবলি, জনি বেয়ারস্টো, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস (উইকেটকিপার), ডম বেস, জোফ্রা আর্চার অথবা অলি স্টোন, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন অথবা স্টুয়ার্ট ব্রড।

নজরে বিরাট
রোটেশন পদ্ধতি নিয়ে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট ভারত সফরে চরম সমালোচনায় পড়লেও রোটেশন পদ্ধতিকে সমর্থন করেছেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক বলেছেন, যে কোনও ফরম্যাটেই রোটেশন চলতে পারে। কারও পক্ষে টানা খেলা সম্ভব নয়। মাঝেমধ্যে বিশ্রাম নেওয়া প্রয়োজন। বিশেষ করে বায়ো বাবল পরিস্থিতির মধ্যে যেখানে ক্রিকেটারদের থাকতে হচ্ছে। বিরাট অবশ্য অস্ট্রেলিয়ায় একটি টেস্ট খেলে দেশে ফিরেছিলেন সন্তানের জন্মের আগে। এই টেস্টে তাঁর দিকেও থাকছে নজর। কারণ, গত ১১টি টেস্ট ইনিংসে তাঁর ব্যাটে শতরান নেই। শেষ শতরান ২০১৯ সালে কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে। ইংল্যান্ড সিরিজে তিনটি অর্ধশতরান করলেও বিরাটের ব্যাটে শতরানের খরা আমেদাবাদেই কাটবে বলে আশায় ক্রিকেট ভক্তরা। দল যখন জিতছে তখন দলের ব্যাটিং নিয়ে খুব উদ্বিগ্ন না হলেও বিরাট নিজেও মনে মনে চাইছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে অন্তত একটা শতরান হাঁকাতে।

পরিসংখ্যান ভারতেরই পক্ষে
পরিসংখ্যান বলছে, ভারত ঘরের মাঠে ২০১২ সালের পর কোনও টেস্ট সিরিজ হারেনি। ঘরের মাঠে কোনও সিরিজে দুটি টেস্টেও হারেনি। ২০১২ সালের পরাজয় ছিল ইংল্যান্ডের বিরুদ্ধেই। অন্যদিকে, ইংল্যান্ড অধিনায়ক জো রুটের সামনে সফলতম অধিনায়ক হওয়ার হাতছানি রয়েছে। সিরিজে সমতা ফেরাতে জিততেই হবে ইংল্যান্ডকে। আর তা যদি হয় তবে মাইকেল ভনের ২৬টি টেস্ট জয়ের রেকর্ড টপকে ইংল্যান্ডের সফলতম টেস্ট অধিনায়ক হওয়ার কীর্তি গড়বেন এখনও অবধি ইংল্যান্ডের সফলতম রুট।












Click it and Unblock the Notifications