ইংল্যান্ডের অলরাউন্ডারকে নিয়ে হঠাৎ চিন্তায় রাজস্থান রয়্যালস
ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন না। এমনকী আইপিএলের প্রথম দিকের বেশ কিছু ম্যাচেও অনিশ্চিত হয়ে পড়লেন জোফ্রা আর্চার। তাঁর কনুইয়ের চোট সারাতে দেশে ফিরছেন আর্চার।

মঙ্গলবার ২৩ মার্চ পুনেতে শুরু তিন ম্যাচের একদিনের সিরিজ। গতকাল আমেদাবাদের মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজ হারার পর সাংবাদিকদের ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান জানান, আর্চারের কনুইয়ের চোটের অবস্থা বেশ খারাপ। শুশ্রূষার প্রয়োজন। আমাদের বোলারদের কম-বেশি চোট থাকে। তা নিয়েই তাঁরা কঠিন দায়িত্ব পালন করেন। চোটের যন্ত্রণা সামলেই বোলাররা নিজেদের উজাড় করে দেন। কোনও বোলার পুরোপুরি চোটমুক্ত হয়ে খেলছেন এমন খুব কমা দেখা যায়। তবে আর্চারের পরিস্থিতি খুব খারাপ হয়েছে। সে কারণেই শুশ্রূষা দরকার।
গতবারের আইপিএলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার পেয়েছিলেন আর্চার। এবারও তিনি রাজস্থান রয়্যালসের অন্যতম স্তম্ভ। ফলে আর্চারের চোট ৯ এপ্রিল শুরু হতে চলা রাজস্থান রয়্যালসের কাছে বড় ধাক্কা হতে চলেছে। চোটের কারণে ভারতের বিরুদ্ধে আমেদাবাদে চতুর্থ তথা শেষ টেস্ট খেলতে পারেননি আর্চার। টি ২০ সিরিজের দলে ফেরেন। ভারতের বিরুদ্ধে চতুর্থ টি ২০-তে কেরিয়ারের সেরা বোলিং করেন আর্চার, ৩৩ রানে নেন ৪ উইকেট। গতকালের ম্যাচে ৪ ওভার বল করে ৪৩ রান দিয়েও উইকেট পাননি।
আইপিএলে আর্চার-সহ অনেক ইংল্যান্ড ক্রিকেটারই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন। আইপিএলের শেষে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে। তারপর টি ২০ বিশ্বকাপ ও অ্যাশেজ রয়েছে। এই অবস্থায় ফিট আর্চারকে পেতে তাঁর চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ ইংল্যান্ড।












Click it and Unblock the Notifications