ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : মোতেরায় আমন্ত্রিত প্রধানমন্ত্রী! দর্শক প্রবেশের অনুমতি!
ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : মোতেরায় আমন্ত্রিত প্রধানমন্ত্রী! দর্শক প্রবেশের অনুমতি!
অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে পর্যুদস্ত করে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। করোনা ভাইরাসের আবহে প্রায় এক বছর পর দেশের মাটিতে খেলতে নামছে বিরাট কোহলি অ্যান্ড কোং। অতিমারী পরিস্থিতিতে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ নিয়ে উৎসাহ এবং উন্মাদনা তুঙ্গে। সেই আবহে মাঠে দর্শক প্রবেশ নিয়ে বিসিসিআই বড় সিদ্ধান্ত নিতে চলেছে বলে সূত্রের খবর।

মোতারাতে দর্শক প্রবেশের অনুমতি!
নতুন ভাবে গড়ে তোলা আহমেদাবাদের সর্দার প্যাটেল বা মোতেরা স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। দিন-রাতের এই ম্যাচ আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। করোনা ভাইরাসের আবহে ওই টেস্টের প্রতিদিন মাঠে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি বিসিসিআই দিতে পারে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। ম্যাচ চলাকালীন মাঠে সংবাদমাধ্যমকেও প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে খবর। গুজরাত প্রশাসনের সঙ্গে কথা বলেই ভারতীয় বোর্ড এই বড় সিদ্ধান্ত নিতে চলেছেন বলে জানানো হয়েছে।

থাকবেন প্রধানমন্ত্রী মোদী
২০১৯ সালের নভেম্বরে ভারতে প্রথম দিনরাতের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া ওই টেস্ট ম্যাচ নিয়ে উন্মাদনা ছিল দেখার মতো। অতিথি হিসেবে কলকাতায় উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই ভাবে মোতেরায় ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় তথা দিন-রাতের টেস্টের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে হতে পারে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। এই ইস্যুতে মোদীর সঙ্গে বিসিসিআইয়ের কথা হয়েছে বলেও খবর। জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী সেদিন মাঠে উপস্থিত থাকবেন।

দ্বিতীয় টেস্টে দর্শক
করোনা ভাইরাসের আবহে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। ওই ম্যাচে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি প্রশাসন। তবে দ্বিতীয় টেস্ট উপলক্ষ্যে একই মাঠে ৫০ শতাংশ দর্শক প্রবেশের ব্যবস্থা করা যায় কিনা, তা নিয়ে তামিলনাড়ু প্রশাসনের সঙ্গে বিসিসিআইয়ের কথা চলছে।

কোভিড-মুক্ত দুই দল
চেন্নাইয়ে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট শুরুর আগে দুই দলের ক্রিকেটারদের কোভিড ১৯ টেস্ট করা হয়েছিল। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশে কোনও বাধা নেই বিরাট কোহলিদের।












Click it and Unblock the Notifications