IND vs ENG: ইংল্যান্ড দল ঘোষণা করে দিল, নাগপুরে ভারতের একাদশে থাকবেন কারা? ফোকাসে রোহিত ও বিরাট
IND vs ENG: নাগপুরের জামঠার ভিসিএ স্টেডিয়ামে কাল তিন ম্য়াচের সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিকে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। খেলা শুরু বেলা দেড়টায়।
ম্যাচের আগের দিনই আজ দল ঘোষণা করে দিল ইংল্য়ান্ড। জো রুটের প্রত্যাবর্তন ঘটেছে ২০২৩ সালের বিশ্বকাপের পর। ভারতীয় দলে কারা থাকবেন তা নিয়েই চলছে জোর চর্চা।

গত বছর অগাস্টে ভারত শেষবার একদিনের সিরিজ খেলেছিল। সেবার শ্রীলঙ্কায় ০-২ ব্যবধানে হেরে ফিরতে হয়েছিল রোহিত শর্মাদের। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রওনা হওয়ার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করতে বদ্ধপরিকর রোহিত শর্মারা।
বিসিসিআইয়ের তরফে যে দল ঘোষণা করা হয়েছে তাতে বরুণ চক্রবর্তীকে ঢোকানো হলেও জসপ্রীত বুমরাহ নেই। প্রথমে বলা হয়েছিল বুমরাহ শেষ ম্যাচে খেলতে পারেন। কিন্তু গতকালের ঘোষিত দলে বুমরাহর না থাকা নিয়ে রোহিতকে এদিন প্রশ্ন করা হয়।
ভারত অধিনায়ক বলেন, বুমরাহর স্ক্যান রিপোর্ট বেরোবে। কয়েক দিনেই তাঁর ফিটনেসের চিত্রটিও স্পষ্ট হবে। ফলে বুমরাহ সিরিজের শেষ ম্যাচে খেলবেন কিনা তা স্পষ্ট হবে স্ক্যান রিপোর্ট দেখার পরেই। ভারতের পেস বোলিং বিভাগকে নেতৃত্ব আপাতত তাই দেবেন মহম্মদ শামিই।
রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতেই এই ম্যাচটি হবে। দিনের তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির আশেপাশে। ভিসিএ স্টেডিয়ামের পিচ সাম্প্রতিককালে স্পিনারদেরই সহায়তা করে। বাউন্ডারিও বেশ বড়। ভারত এখানে শেষ তিনটি ওডিআই খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০১৩ সালে ৩৫১ রান তুলেছিল। ২০১৭ ও ২০১৯ সালে অবশ্য লো স্কোরিং ম্যাচ হয়েছে। জিতেছে ভারতই।
রোহিত শর্মা আজ স্পষ্ট করেননি লোকেশ রাহুল ও ঋষভ পন্থের মধ্যে কে খেলবেন। তবে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কারণে শেষ অবধি একাদশে ঢুকে পড়তে পারেন পন্থ। ভারত তিন স্পিনারেই খেলতে চলেছে।
কুলদীপ যাদব চোট সারিয়ে ফিরে রঞ্জি ম্যাচ খেলেছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি কেমন অবস্থায় আছেন তা দেখে নেওয়া হতে পারে নাগপুরেই। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেলের মধ্যে দুজন ভারতের একাদশে থাকতে পারেন।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল বা ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল বা ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ শামি।
ইংল্যান্ড- বেন ডাকেট, ফিল সল্ট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।












Click it and Unblock the Notifications