KL Rahul Injured: রাহুলের চোট চিন্তা বাড়াল ভারতের, ছিটকে গেলে বাংলাদেশের বিরুদ্ধে ক্যাপ্টেন্সি করবেন কে?
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখতে চাইছে ভারত। যদিও সমস্যা কাটছেই না। ইতিমধ্যেই এই টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও বোলার নভদীপ সাইনি। কাল মীরপুর টেস্ট শুরুর আগে নেট সেশনে হাতে চোট পেলেন তারকা ব্যাটার।

রোহিত না থাকায় এমনিতেই ভারত প্রথম পছন্দের ওপেনিং জুটি নামাতে পারছে না। শুভমান গিল শতরান পেয়ে টেস্ট দলেও জায়গা অনেকটা পাকা করে ফেলেছেন। তবে চট্টগ্রাম টেস্টে রান পাননি লোকেশ রাহুল। রোহিত না থাকায় তিনিই দলকে নেতৃত্ব দিচ্ছেন। এবার ব্যাটিং অনুশীলনের সময় সেই রাহুলই চোট পেলেন। নেট সেশনে ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের তত্ত্বাবধানে থ্রোডাউন প্র্যাকটিস করছিলেন রাহুল। তখনই তাঁর হাতে চোট লাগে। একেই জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা নেই। নভদীপ সাইনিও ছিটকে গিয়েছেন। স্বাভাবিকভাবেই রাহুলের চোট পাওয়া নিয়ে উদ্বেগ দেখা দেয়।
রাহুল যদি খেলতে না পারেন তাহলে অভিমন্যু ঈশ্বরনের টেস্ট অভিষেক হতে পারে। সেক্ষেত্রে নেতৃত্ব দিতে পারেন চেতেশ্বর পূজারা। তিনিও চট্টগ্রাম টেস্টে দুরন্ত শতরান হাঁকিয়েছেন। রাহুল এদিন যখন অনুশীলনে চোট পান, তারপরই দেখা যায় যেখানে আঘাত পেয়েছেন সেই জায়গাটি অপর হাত দিয়ে ঘষছেন। রাহুলের কাছে পৌঁছে যান দলের চিকিৎসকও। বিক্রম রাঠোর জানিয়েছেন, রাহুলের চোট গুরুতর বলে মনে হচ্ছে না। মনে করা হচ্ছে, টেস্ট খেলতে তাঁর অসুবিধা হবে না। সব কিছু ঠিকই হয়ে যাবে। চিকিৎসকদের নজরদারিতেই রয়েছেন রাহুল।
উল্লেখ্য, বাংলাদেশে একদিনের সিরিজ চলাকালীন বুড়ো আঙুলে চোট পান রোহিত শর্মা। যা এখনও সারেনি। রোহিতের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয় অভিমন্যু ঈশ্বরনকে। যদিও প্রথম টেস্টে ওপেন করেন রাহুল ও গিল। বিজয় হাজারে ট্রফিতে সার্ভিসেসের বিরুদ্ধে শতরান হাঁকানোর পর অভিমন্যু বাংলাদেশে ভারতীয় এ দলকে নেতৃত্ব দেন। বাংলাদেশ এ দলকে হারিয়ে সিরিজও জেতেন অঊিমন্যুরা। কক্সবাজার ও সিলেটে পরপর দুটি চার দিনের ম্যাচে শতরান হাঁকিয়েছেন অভিমন্যু। রাহুল চোটের কারণে খেলতে না পারলে অভিমন্যুর টেস্ট অভিষেক হওয়ার জোরালো সম্ভাবনা। চট্টগ্রাম টেস্টে ভারত সহজেই হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। যেভাবে লোকেশ রাহুলের নেতৃত্বে দল খেলছে তাতে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের সম্ভাবনাও যথেষ্টই উজ্জ্বল।












Click it and Unblock the Notifications