India vs Bangladesh Test: চট্টগ্রামে অভিমন্যুর অভিষেক? গিলের চোট নিয়ে চর্চা, কেমন হবে দুই দেশের একাদশ?
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট। আজ অবধি বাংলাদেশ কখনও টেস্টে হারাতে পারেনি ভারতকে। তবে চোট সমস্যার জেরে ভারত পূর্ণশক্তি নিয়ে নামতে পারছে না। লোকেশ রাহুল প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন। রোহিত শর্মা ইতিমধ্যেই দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত। রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহকেও গুরুত্বপূর্ণ সিরিজে পাচ্ছে না ভারত।

গিলের চোট!
রোহিত শর্মার অনুপস্থিতিতে লোকেশ রাহুলের সঙ্গে শুভমান গিল ওপেন করবেন বলে মনে করা হচ্ছিল। যদিও টেস্টের আগের দিন অনুশীলনে তিনি চোট পেয়েছেন। অনুশীলনের ফাঁকেই তাঁর ডান হাতে বুড়ো আঙুলের কাছে ফিজিওকে দেখা গিয়েছে ব্যান্ডেজ বেঁধে দিতে। এই চোট কতটা গুরুতর বা গিল খেলতে পারবেন কিনা তা নিয়ে ভারতীয় দলের তরফে জানানো হয়নি। ফলে স্বাভাবিকভাবেই গিল কাল সকালে ফিটনেস টেস্টে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত সংশয় থাকছেই।

অভিমন্যুর অভিষেক?
বাংলার অধিনায়ক অভিমন্য়ু ঈশ্বরনকে প্রথম টেস্টের দলে নেওয়া হয়েছে রোহিত শর্মা ছিটকে যেতেই। অনেকেই মনে করছেন, দুরন্ত ছন্দে থাকা ঈশ্বরনকে যদি ভবিষ্যতের ওপেনার হিসেবে ভাবা হয় তবে তাঁকে দেখে নেওয়ার সেরা সুযোগ বাংলাদেশ সিরিজেই। গিলও যদি ছিটকে যান, তাহলে ঈশ্বরনের অভিষেক যে চট্টগ্রামে হবে তা নিশ্চিতভাবেই বলা যায়। বাংলাদেশ এ দলের বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আনঅফিসিয়াল টেস্ট সিরিজ জিতিয়েছেন অভিমন্যু। তিনি এই সিরিজে ১৫৭ ও ১৪১ রানের ইনিংসও খেলেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে ৯টি ম্যাচ খেলা অভিমন্যু বাংলাদেশের উইকেটের চরিত্র সম্পর্কেও ওয়াকিবহাল। ফলে গিল না অভিমন্যু, কাকে রাহুলের সঙ্গে ওপেন করতে পাঠানো হবে তা নিয়ে চর্চা চলছে আগে থেকেই। গিলের চোট অভিমন্যুর অভিষেকের রাস্তা পরিষ্কার করে দিতেই পারে।
|
ভারতের দলে কারা থাকবেন?
ভারতের মিডল অর্ডারে তেমন রদবদলের সম্ভাবনা নেই। তবে প্রথম একাদশের কম্বিনেশন কেমন হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক পিচে ভারতীয় দলে দুই স্পিনার ও দুই পেসার থাকবেনই। পঞ্চম বোলার হিসেবে স্পিনার না পেসার খেলানো হবে তা দেখা হবে খেলা শুরুর আগে কন্ডিশন দেখেই। যদিও কুলদীপ যাদবের খেলার ভালোই সম্ভাবনা রয়েছে। এই টেস্টে খেলতে পারবেন না জয়দেব উনাদকাট। ভিসা সমস্যায় তিনি বাংলাদেশে পৌঁছতে পারেননি।
ভারতের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল, শুভমান গিল বা অভিমন্য়ু ঈশ্বরন, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ।
|
বাংলাদেশ আত্মবিশ্বাসী
বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান একদিনের সিরিজ চলাকালীন পিঠে চোট পেয়েছিলেন। আজ সেই চোট পরীক্ষা করাতে তিনি হাসপাতালেও যান। শাকিব খেলতে পারবেন কিনা সেদিকে তাকিয়ে সকলেই। বাংলাদেশের পেস আক্রমণে রয়েছেন ইবাদত হোসেন, খালিদ আহমেদ ও শরিফুল ইসলাম। তাসকিন আহমেদ চোটের কারণে খেলতে পারছেন না। মেহেদি হাসান মিরাজ ও শাকিব আল হাসান স্পিন দিয়ে ভারতকে বেকায়দায় ফেলতে চাইবেন। উইকেটকিপিং করবেন নুরুল হাসান, ওপেন করবেন জাকির হাসান। একদিনের সিরিজ জেতার পর টেস্টে ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ- মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, খালিদ আহমেদ, ইবাদত হোসেন।












Click it and Unblock the Notifications