IND vs BAN: পাকিস্তান সিরিজ দিয়েছে আত্মবিশ্বাস, ভারতের বিরুদ্ধে নামার আগে চড়া সুর বাংলাদেশ অধিনায়কের গলায়
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের পর এবার বাংলাদেশ দলের মিশন ভারত সফর। দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি টি২০ সিরিজ খেলতে রবিবার ভারতে এল বাংলাদেশ ক্রিকেট দল। এদিন সন্ধ্যায় চেন্নাই বিমানবন্দরে নামে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মেনে নিচ্ছেন, ভারতের বিরুদ্ধে সিরিজ কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে তাঁদের জন্য।
ভারতে আসার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, 'আমরা দুটো টেস্ট ম্যাচ জয়ের জন্যই খেলব। জয়ের জন্য ভালো খেলা এবং প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য থাকবে কাজটা ঠিকমতো করা। ভালো ফলাফল আসতেই পারে, যদি আমরা নিজেদের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে পারি।'

সদ্য পাকিস্তান সফরে টেস্ট সিরিজ জয় বাংলাদেশ দলকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে। এই প্রসঙ্গে নাজমুল শান্ত আরও উল্লেখ করেছেন, "পাকিস্তানে ভালো একটা সিরিজ খেলার পর দলের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে, দেশের সমর্থকদের আমাদের ঘিরে প্রত্যাশাও অনেক বেশি। প্রত্যেক সিরিজই আমাদের কাছে সুযোগ। আমরা দুটো টেস্টই জেতার জন্য খেলব। যদি ক্রমতালিকা দেখ, তাহলে ওঁরা আমাদের থেকে অনেক এগিয়ে।"
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ । চেন্নাইতে হবে প্রথম টেস্ট, এরপর ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে কানপুরে। পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবার বাবরদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতল শাকিব-লিটনরা। এবার ভারতেও ইতিহাস তৈরি করতে মরিয়া তারা।
India vs Bangladesh: সামনে ঠাসা ক্রীড়াসূচি, বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রামে তারকা ক্রিকেটাররা?
চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের উইকেট কেমন হবে তা নিয়ে চর্চা চলছে। কারণ চিপকে বর্তমানে দুটি উইকেট রয়েছে একটি লাল মাটির, অন্যটি কালো। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট হতে পারে লাল মাটির পিচে। এই উইকেটে খেলা বেশ চ্যালেঞ্জিং হতে পারে বাংলাদেশ দলের জন্য। সোমবার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।












Click it and Unblock the Notifications