IND vs BAN: চেন্নাই টেস্টে ভারত ও বাংলাদেশের সম্ভাব্য একাদশ, স্পিনার-সংখ্যা নিয়ে ধন্ধ লাল মাটির পিচে
IND vs BAN: কাল থেকে চেন্নাইয়ের চিপকে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। দুই দেশের মধ্যে হওয়া ১৩টি টেস্টে ভারতকে কখনও হারাতে পারেনি বাংলাদেশ।
ভারতে তিনটি টেস্টেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। গত ১০ বছরে ভারত দেশের মাটিতে মাত্র চারটি টেস্টে পরাস্ত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই ফেভারিট হিসেবে শুরু করবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ভারত।

ভারত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে টেস্টে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে নামে। তবে চিপকের লাল মাটির পিচ হওয়ায় ভারত তিন পেসারে নামতে পারে বলে চর্চা চলছে। লাল মাটির পিচে বাউন্স ও ক্যারি থাকায় ২০১৯-২০ মরশুমে চিপকে হওয়া দুটি টেস্টেই ভারত নেমেছিল তিন পেসারে।
চেন্নাইয়ে গরম রয়েছে। চড়া রোদ থাকছে। ফলে পিচ ভাঙারও একটা আশঙ্কা থাকছে। সেক্ষেত্রে স্পিনাররা কার্যকরী হবেন। এই ধন্ধের উপরই নির্ভর করছে ভারতের কম্বিনেশন। তবে ভারত দুই পেসার নামলে দলে থাকবেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। তিন স্পিনার- রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন হায়দরাবাদ টেস্টের পর কোয়াড্রিসেপস ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল। রাহুল বেশ কয়েক মাস পর টেস্ট দলের একাদশে থাকছেন। ২০২২ সালে বাংলাদেশ সফরের পর ফের টেস্ট দলে দেখা যাবে ঋষভ পন্থকে। ফলে সরফরাজ খান ও ধ্রুব জুরেল একাদশে ঠাঁই পাচ্ছেন না।
বাংলাদেশ পাকিস্তান সফরে যে দল নামিয়ে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল, তাতে খুব বেশি পরিবর্তনের পথে হাঁটবে না। রাওয়ালপিন্ডিতে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা- এই তিন পেসার খেলিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে পাকিস্তানের ২০টির মধ্যে ১৪টি গিয়েছিল পেসারদের ঝুলিতে। দ্বিতীয় ইনিংসের ১০টি-সহ।
চেন্নাইয়ে বাংলাদেশ দলেও তিনজন স্পিনার দেখা যেতে পারে। শাকিব আল হাসান ও মেহিদি হাসান মিরাজের সঙ্গে তাইজুল ইসলামকে খেলানোর বিষয়টি নির্ভর করছে টেস্টের আগে পিচ দেখেই। সেক্ষেত্রে কোনও এক পেসারের উপর কোপ পড়তে পারে। শাকিব কাউন্টি খেলে মঙ্গলবার রাতে চেন্নাইয়ে পৌঁছেছেন। আজ অনুশীলন সেরেছেন।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ- শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), শাকিব আল হাসান, মেহিদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা বা তাইজুল ইসলাম।












Click it and Unblock the Notifications