IND vs BAN: চেন্নাই টেস্টে কি থাবা বসাবে বৃষ্টি? ফোকাসে পিচ, কীভাবে দেখবেন ভারত-বাংলাদেশ দ্বৈরথ?
IND vs BAN: কাল থেকে চেন্নাইয়ের চিপকে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। জানুয়ারি অবধি মোট ১০টি টেস্ট খেলবে ভারত। তার উপর অনেকটাই নির্ভর করবে ভারতের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার বিষয়টি।
চিপকে লাল মাটির পিচেই খেলা হবে বলে জানা যাচ্ছে। যাতে শুরুর দিকে পেসাররা সাহায্য পাবেন। পরের দিকে স্পিনাররা। তবে কালো মাটির পিচ আরও বেশি স্পিন সহায়ক হলেও অস্ট্রেলিয়া সফরের কথা ভেবে ভারত ঘূর্ণি উইকেটে খেলবে না।

বাংলাদেশও মনে করছে চিপকে স্পোর্টিং উইকেটই অপেক্ষা করছে। অর্থাৎ পাটা উইকেট নয়। বোলাররা পিচ থেকে ফায়দা তুলতে পারবেন। বাংলাদেশ দলেও ফর্মে থাকা স্পিনাররা রয়েছেন। ভারতীয় দল শ্রীলঙ্কায় স্পিন সামলাতে নাজেহাল হয়েছিল। তবে হেড কোচ গৌতম গম্ভীর তাতে গুরুত্ব দিচ্ছেন না। তাঁর কথায়, টেস্ট আর সাদা বলের খেলা আলাদা বিষয়।
জানা গিয়েছে, লাল মাটির যে পিচে খেলা হবে তাতে কয়েক দিন ধরে জল দেওয়া হয়েছে। পিচে সবুজ ঘাস নেই বললেই চলে। তবে লাল মাটির পিচে বাউন্স থাকে, বল ক্যারিও করে। চেন্নাইয়ে কয়েক দিন ধরে বেশ গরমও রয়েছে। এই পরিস্থিতিতে পিচ যাতে না ভাঙে শুরু থেকেই, সে কারণেই জল দেওয়া হয়েছে। যে হাল্কা সবুজ ঘাস রয়েছে তা পিচের বাঁধুনি ধরে রাখতেই।
চেন্নাইয়ে কাল বৃষ্টিতে খেলা ব্যাহত হওয়ার আশঙ্কা নেই, বৃষ্টির সম্ভাবনা মাত্র ২৩ শতাংশ। তাপমাত্রা দিনে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রাতে তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৭৭ শতাংশ।
২০১০ থেকে ২০২২ অবধি ভারত ও বাংলাদেশ মোট সাতটি টেস্ট খেলেছে। তার মধ্যে ৬টিতেই জিতেছে ভারত। ২০১৫ সালে ফতুল্লায় একটি টেস্ট ড্র হয়েছিল। ভারত দেশের মাটিতে কাল চতুর্থবার টেস্ট খেলতে নামবে বাংলাদেশের বিরুদ্ধে। ২০১৭ সালে হায়দরাবাদ ও ২০১৯ সালে ইন্দোর ও কলকাতায় জিতেছিল ভারত।
২০০০ সাল থেকে ধরলে ভারত-বাংলাদেশ টেস্ট হয়েছে ১৩টি। যার মধ্যে ১১টিতে ভারতের জয়, ২টি ড্র। ২০২২ সালে বাংলাদেশ সফরে গিয়ে ২-০ ব্যবধানে দ্বিপাক্ষিক সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ভারত। চিপকে ভারত ৩৪টি টেস্ট খেলেছে। তার মধ্যে ভারত জিতেছে ১৫টিতে, হার সাতটিতে, টাই ১টি।
সকাল সাড়ে ৯টা থেকে খেলা শুরু হবে। টস সকাল ৯টায়। স্পোর্টস ১৮-এর চ্যানেলগুলিতে খেলা সরাসরি দেখা যাবে। এ ছাড়া জিওসিনেমা অ্যাপ ও অনলাইনেও ভারত-বাংলাদেশ দ্বৈরথ সম্প্রচারিত হবে।












Click it and Unblock the Notifications