IND vs BAN: বৃষ্টির ভ্রুকুটি নিয়েই কানপুর টেস্ট, পিচ-ধোঁয়াশাও কাটল না, ভারত ও বাংলাদেশের সম্ভাব্য একাদশে কারা?
IND vs BAN: কাল থেকে কানপুরে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। প্রথম দিনে বেশি, তার পরের দুই দিনে তুলনামূলক কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ভারতের অনুশীলন শেষেই বৃষ্টি হলো কানপুরে।
গ্রিন পার্ক স্টেডিয়ামে কোন পিচে খেলা হবে তা এখনও জানতে পারল না ভারত ও বাংলাদেশ। ফলে কালকের আবহাওয়া, পিচ দেখেই একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দুই শিবির।

বাংলাদেশের হেড কোচ চণ্ডিকা হাতুরাসিংঘে গতকাল বলেছিলেন, দুটি পিচ তৈরি রয়েছে, নিশ্চিত নই কোনটিতে খেলা হবে। আজ ভারতের সহকারী কোচ অভিষেক নায়ারও সাংবাদিক বৈঠকে এসে বলেন, কোন পিচে খেলা হবে জানি না। তবে উইকেট দেখে ভালোই লাগছে। বাউন্স কতটা থাকবে তা নিয়ে নিশ্চিত নই।
কালো মাটির পিচ বানানো হয়েছে গ্রিন পার্কে। চেন্নাইয়ের মতো পেসাররা ও স্পিনাররা সাহায্য পাবেন বলে আশ্বাস কিউরেটরের। তৃতীয় দিন থেকে পিচ ক্রমেই মন্থর হতে পারে। বল বেশি হয়তো উঠবে না। কিন্তু যদি বৃষ্টি হয়? তাহলেই সব হিসেবনিকেশ বদলাতে থাকবে।
জানা যাচ্ছে, যে দুটি পিচ তৈরি রয়েছে তার মধ্যে তুলনামূলক যেটি শুষ্ক সেটি দীর্ঘক্ষণ ধরে দেখেছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা। সেই উইকেটে খেলা হলে পরের দিকে পিচ ভাঙতে পারে। তাতে ফায়দা তুলতে পারেন স্পিনাররা। তবে প্রথম দিকে ব্যাটিং করা সহজ হতে পারে।
কাল আবহাওয়া কেমন থাকে, কোন পিচে খেলা হয় তা দেখেই চূড়ান্ত একাদশ বাছাইয়ের কথা জানিয়েছেন নায়ার। বৃষ্টি কতটা হবে তার উপর নির্ভর করবে পিচের চরিত্র, ম্যাচের গতিপ্রকৃতি। একইসঙ্গে আকাশে কালো মেঘের আনাগোনা থাকলে আলোর অভাবে নির্ধারিত সময়ের আগে খেলা বন্ধেরও আশঙ্কা থাকছে।
ভারতীয় দল স্পিনারের সংখ্যা বাড়াতে পারে। পিচ যদি খুব মন্থর হবে বলে মনে হয় তাহলে অক্ষর প্যাটেলের দলে আসার সম্ভাবনা বেশি। কিন্তু তাঁর আর রবীন্দ্র জাদেজার বোলিং একই রকমের। ফলে হোম গ্রাউন্ডে কুলদীপ যাদবকে খেলানো হতে পারে। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা না থাকলে সেক্ষেত্রে বসতে হতে পারে আকাশ দীপকে।
বাংলাদেশ যদি তিন স্পিনার নিয়ে খেলে তাহলে নাহিদ রানার জায়গায় আসতে পারেন তাইজুল ইসলাম। কানপুর টেস্ট শাকিব আল হাসানের কেরিয়ারে শেষ টেস্ট হতে পারে। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর শাকিব একদিনের আন্তর্জাতিককে বিদায় জানালে, ভারতের মাটিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ কানপুরেই খেলতে নামছেন শাকিব।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব বা অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ- শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহিদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।












Click it and Unblock the Notifications