Ind vs Aus T20Is: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতের অধিনায়ক সূর্যকুমার, শ্রেয়স ডেপুটি শেষ ২ ম্যাচে
Ind vs Aus T20Is: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টি ২০ আন্তর্জাতিক সিরিজ। হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।
এশিয়ান গেমসের দলে থাকা একঝাঁক ক্রিকেটারকে রেখেই দল গঠন করা হয়েছে। বিশ্বকাপ খেলা বেশিরভাগ ক্রিকেটারকেই বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথম তিনটি ম্যাচে না খেললেও শেষ দুটি ম্যাচে সহ অধিনায়ক হিসেবেই খেলবেন শ্রেয়স আইয়ার।

সূর্যকে অধিনায়ক করার পাশাপাশি এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় আসন্ন সিরিজের প্রথম তিনটি ম্যাচে সহ অধিনাকত্বের দায়িত্ব সামলাবেন। শ্রেয়স আইয়ার রায়পুরে দলের সঙ্গে যোগ দিলে ভাইস ক্যাপ্টেন্সির ব্য়াটনটি হস্তান্তরিত হবে। প্রত্যাশামাফিক বিশ্বকাপের তারকাদের এই দলে রাখা হয়নি।
আসন্ন টি ২০ সিরিজ থেকেই আগামী ৩-৪ বছরের দল গঠনের রূপরেখাও স্থির করা যাবে বলে জানা যাচ্ছে। কেন না, ভারতীয় দলের সিনিয়ররা পরবর্তী বিশ্বকাপে খেলবেন না। বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামিরা সদ্যসমাপ্ত ৫০ ওভারের বিশ্বকাপে ছন্দে থাকলেও এক বছরের বেশি সময় ধরে টি ২০ আন্তর্জাতিক খেলছেন না।
ফলে আদৌ তাঁরা আগামী বছরের টি ২০ বিশ্বকাপ খেলবেন কিনা তা স্পষ্ট নয়। সিনিয়রদের শূন্যস্থান পূরণ কঠিন হলেও তাঁদের বিকল্প তৈরি করার প্রক্রিয়া এখন থেকেই শুরু করার পক্ষে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভারতের টি ২০ আন্তর্জাতিক দলে বাংলা থেকে সুযোগ পেয়েছেন মাত্র একজন। পেসার মুকেশ কুমার। ফলে তাঁকে বিজয় হাজারে ট্রফিতে পাবে না বাংলা।
২৩ নভেম্বর, অর্থাৎ আগামী বৃহস্পতিবার প্রথম টি ২০ আন্তর্জাতিক বিশাখাপত্তনমে। ২৬ নভেম্বর দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক তিরুবনন্তপুরমে। ২৮ নভেম্বর গুয়াহাটিতে হবে তৃতীয় টি ২০ আন্তর্জাতিক। ডিসেম্বরের ১ তারিখ চতুর্থ টি ২০ আন্তর্জাতিক রায়পুরে। সিরিজের পঞ্চম তথা শেষ টি ২০ আন্তর্জাতিক ৩ ডিসেম্বর বেঙ্গালুরুতে। এরপর ভারতীয় দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে।
এই দলেও সুযোগ পাননি সঞ্জু স্যামসন। বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদেরও ঠাঁই হয়নি। অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতের টি ২০ আন্তর্জাতিক দল- সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), ঈশান কিষাণ, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান, মুকেশ কুমার।












Click it and Unblock the Notifications