India vs Australia: লজ্জার পুনরাবৃত্তি এড়ানোর চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার, শক্তি বাড়াচ্ছেন কামিন্সরা
India vs Australia: দক্ষিণ আফ্রিকার পর ভারতের মাটিতেও একদিনের আন্তর্জাতিক সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে কাল রাজকোটে হোয়াইটওয়াশ এড়িয়ে আত্মবিশ্বাস সঞ্চয়ের লক্ষ্যে নামবে অজিরা।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে তিনটি ও ভারতের বিরুদ্ধে ২টি, এই পাঁচটি ওডিআই টানা হেরেছিল অস্ট্রেলিয়া। এবারও তেমনটাই হয়েছে। তবে আরেকটি লজ্জার পুনরাবৃত্তি এড়ানোও লক্ষ্য থাকবে সবচেয়ে বেশিবার ৫০ ওভারের বিশ্বকাপ জেতা দলের।

চোট সারিয়ে জাতীয় দলের হয়ে নামার অপেক্ষায় মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল। আজ সাংবাদিক বৈঠকে এসেও দুজনের খেলার বিষয়ে ধোঁয়াশা বজায় রাখলেন স্টার্ক। নিজের বিষয়ে বললেন, আজকের অনুশীলনের পর বুঝতে পারব খেলতে পারব কিনা। ম্যাক্সওয়েলও কাল খেলবেন কিনা তা স্পষ্ট করেননি স্টার্ক।
স্পেনসার জনসন ও নাথান এলিস যথাক্রমে হ্যামস্ট্রিং ও কুঁচকির চোট নিয়ে দেশে ফিরে গিয়েছেন। মনে করা হচ্ছে, কালকের ম্যাচে মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল খেলবেন। টানা ৫টি ম্যাচ হারা প্রসঙ্গে স্টার্ক বলেন, নিশ্চিতভাবেই আমরা বিশ্বকাপের আগে নিজেদের এই অবস্থায় দেখতে চাইনি। তবে বিশ্বকাপের আগে ঘুরে দাঁড়ানোর তিনটি সুযোগ রয়েছে।
কাল ভারতের বিরুদ্ধে খেলার পর বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। ভারতে দিন ও রাতে উইকেটের চরিত্রগত তফাতের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাইছে অস্ট্রেলিয়া। যত দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ভরসা একঝাঁক ক্রিকেটারের আইপিএল অভিজ্ঞতাও। ম্যাক্সওয়েলের বোলিংও ভারতে কার্যকরী হবে বলে আশাবাদী স্টার্ক।

ম্যাক্সওয়েল কাল খেলুন বা না খেলুন, যে কোনও দিন তিনি দলের হয়ে এক্স ফ্যাক্টর হতে পারেন বলেও মন্তব্য করেছেন স্টার্ক। স্টিভ স্মিথ চেনা ছন্দে নেই। যদিও এই বিষয়টি নিয়েও উদ্বিগ্ন নন স্টার্ক। তিনি বলেন, স্মিথ হাই ক্লাস প্লেয়ার। তিন ফরম্য়াটেই দারুণ সফল। ফলে চিন্তার কিছু নেই। মানিয়ে নিতে যেটুকু সময়।
অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকায় প্রথম ২টি ওডিআই জেতার পর শেষ তিনটির প্রতিটিতেই একশো রানের বেশি ব্যবধানে হেরেছে। ভারতের বিরুদ্ধে মোহালিতে পাঁচ উইকেটে হারার পর ইন্দোরে পরাজয় ৯৯ রানে। ২০১৮ সালে টানা সাতটি ওডিআই হেরেছিল অজিরা। টানা পাঁচটির বেশি পরাজয় সেই একবারই। কাল টানা ষষ্ঠ পরাজয় এড়ানোরও চ্যালেঞ্জ সামলাতে হবে।
অস্ট্রেলিয়ার একাদশে প্যাট কামিন্স ফিরছেন। আগের ম্যাচে তিনি বিশ্রামে ছিলেন, নেতৃত্ব দেন স্টিভ স্মিথ। গ্লেন ম্যাক্সওয়েল ভারতে এসেছেন ভিক্টোরিয়ার হয়ে একটি ম্য়াচ খেলে। সেই ম্যাচে চার ওভার বল করেছিলেন। জুলাই থেকে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। তিনি কাল খেলতে পারেন।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।












Click it and Unblock the Notifications