India vs Australia: শুভমানের সঙ্গে শ্রেয়সের শতরানে স্বস্তি, সিরিজ জয়ের লক্ষ্যে রানের পাহাড় গড়ছে ভারত
India vs Australia: বিশ্বকাপের আগে ভারতের সব ব্যাটারই দুরন্ত ছন্দে। শুভমান গিল কেরিয়ারের সেরা ফর্মে থেকে এদিন ফের হাঁকালেন শতরান। গুরুত্বপূর্ণ ম্যাচে শতরান শ্রেয়স আইয়ারেরও।
শুভমান ও শ্রেয়স দুজনেই একদিনের আন্তর্জাতিকে এই প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই শতরান হাঁকালেন। ইন্দোরে আজ দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে টস জিতে ভারতকে ব্য়াট করতে পাঠিয়েছে অস্ট্রেলিয়া।

চতুর্থ ওভারের চতুর্থ বলে ১৬ রানে ভারতের প্রথম উইকেট পড়েছিল। ঋতুরাজ গায়কোয়াড় ১২ বলে ৮ রান করে জশ হ্যাজলউডের বলে কট বিহাইন্ড হন। তারপর থেকে জুটি বেঁধে ভারতকে দুশোর গণ্ডি পার করে দিয়েছে শুভমান-শ্রেয়স জুটি। গত বছরের অক্টোবরের পর এই প্রথম ওডিআই শতরান হাঁকিয়ে স্বস্তি পেলেন শ্রেয়স।
শুভমান গিল চলতি বছরের পঞ্চম ওডিআই শতরানটি পেয়ে গেলেন। সেই সঙ্গে তিনি এগিয়ে চলেছেন বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার হওয়ার দিকে। অস্ট্রেলিয়া সিরিজে ২০০ বার তার বেশি রান করলেই বাবর আজমকে সরিয়ে বিশ্বের ১ নম্বর ব্যাটার হওয়ার হাতছানি ছিল গিলের সামনে। মোহালিতে প্রথম ম্যাচে তিনি ৭৪ করায় আর দরকার ছিল ১২৬ রান।
বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ ছিল। তখন ৯.৫ ওভারে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৭৯। এরপর খেলা শুরু হতেই ঝোড়ো ব্যাটিং চালাতে থাকেন গিল ও আইয়ার। ১২.৫ ওভারে ভারত ১০০ রান তুলে ফেলে। ১৯.৩ ওভারে ১৫০ ও ২৮.৩ ওভারে ২০০ রান হয়ে যায়। শুভমান ও শ্রেয়সের জুটিতে ৫০ রান আসে ২৯ বলে, ১০০ রান পূর্ণ হতে লাগে ৬৫টি ডেলিভারি, ১৫০ রান আসে ১০৭ বলে।

শুভমান ও শ্রেয়স অর্ধশতরান পূর্ণ করেন যথাক্রমে ৩৭ ও ৪১ বলে। শুভমান আজ পেলেন ওডিআই কেরিয়ারের ষষ্ঠ শতরান, শ্রেয়সের ওডিআই শতরানের সংখ্যা বেড়ে হলো ২। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ওডিআই শতরান পেলেন গিল। সেঞ্চুরি পূর্ণ করতে নিলেন ৯২ বল। ৬টি চার ও চারটি ছয়ের সৌজন্যে।
চলতি ক্যালেন্ডার ইয়ারে ১২০০ রানের ক্লাবেও এদিনই ঢুকে পড়লেন শুভমান। তিনি যা ফর্মে রয়েছেন তাতে কোনও ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক রান করার সচিন তেন্ডুলকরের রেকর্ডটিও ভেঙে দিতেই পারেন। আজ শুভমান আগে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেও শ্রেয়স শতরানে আগে পৌঁছলেন। নিলেন মাত্র ৮৬টি বল। শ্রেয়স ও শুভমানের জুটিতে ২০০ রান আসে ১৬৩ বলে।
তার আগে শ্রেয়স ব্যক্তিগত ১০১ রানের মাথায় শন অ্যাবটের বলে তাঁর হাতে ক্যাচ দিয়েছিলেন। ফলো থ্রুতে ক্যাচটি ধরলেও শরীরের ভারসাম্য রাখতে না পারায় বল মাটিতে লাগে। জীবন পান শ্রেয়স। পরের বলে চার মারেন। তার পরের বলেই আউট হন। ১১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৯০ বলে ১০৫ করে।
শ্রেয়সের একটি করে শতরান নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণরা রান পেয়ে যাওয়ায় চাপ বাড়ছিল শ্রেয়সের উপর। এশিয়া কাপ খেলতে গিয়ে চোটের কারণে সিংহভাগ ম্য়াচেই খেলতে পারেননি। তবে আজ তিনি শতরান হাঁকানোয় বিশ্বকাপে কম্বিনেশন চূড়ান্ত করার কাজ কঠিন হয়ে গেল ভারতীয় টিম ম্যানেজমেন্টের।












Click it and Unblock the Notifications