India vs Australia: রাজকোটে দেখা যাবে না শুভমান শো, শেষ ম্যাচে গিলের সঙ্গে নেই আরও এক ক্রিকেটার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের কাজটা ইন্দোরেই সেরে রেখেছে ভারতীয় দল। রাজকোটে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই একদিনের সিরিজে শেষ ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। বিশ্রাম কাটিয়ে এই ম্যাচে ফিরছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। তবে শেষ ম্যাচে বিশ্রামে পাঠানো হচ্ছে শুভমন গিল এবং শার্দূল ঠাকুরকে। বিশ্বকাপের আগে ধকল কমাতেই এই দুই ক্রিকেটারকে বিশ্রামে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
আগামী ২৭ তারিখ রাজকোটে শেষ একদিনের ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ ফলে এগিয়ে আছে ভারত। ফলে বিশ্বকাপের আগে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। কম বেশি সব ক্রিকেটারদেরই বিশ্রাম দেওয়া হচ্ছে। এবার সেই তালিকায় অর্ন্তভুক্ত হলেন শুভমান গিল এবং শার্দূল ঠাকুর।

রাজকোটে দলের সঙ্গে যাচ্ছেন না এই দুই ক্রিকেটার। তাঁরা বাড়ি ফিরে যাবেন। দুই ক্রিকেটার গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দেবেন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে। চলতি বছরে দুরন্ত ছন্দে আছেন গিল। ২০২৩ সালে এখনও পর্যন্ত ২০টি ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ১২৩০ রান। সচিন-সৌরভদের রেকর্ড ভাঙার হাতছানি তাঁর সামনে।
গিলের সঙ্গে এই ম্যাচে বিশ্রামে পাঠানো হচ্ছে শার্দূলকেও। শেষ ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন জসপ্রীত বুমরাহ। তিনি ইন্দোরে দ্বিতীয় একদিনের ম্যাচে খেলেননি। সেইসঙ্গে দলে ফিরছেন রোহিত-বিরাটও।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে ৯৯ রানে হারিয়েছে। এই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৯৯ রান করে। জবাবে ২৮.২ ওভারে অস্ট্রেলিয়ান দল ২১৭ রানে অলআউট হয়ে যায়। ম্যাচে জোড়া শতরান করেন শ্রেয়স ও গিল।

শ্রেয়স এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই সুযোগ, কিন্তু কাজে লাগাতে পারেননি। ফের চোটের সমস্যায় পড়েন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলি, রোহিত শর্মারা প্রথম দু-ম্যাচে ছিলেন না। মোহালিতে বিরাটের সাধের তিন নম্বরে ব্যাট করতে নামেন শ্রেয়স। কিন্তু রান আউট! ইন্দোরে যেন শেষ সুযোগ ছিল। সেই সুযোগ কাজে লাগালেন।
সেঞ্চুরি করেও বাড়তি কোনও উচ্ছাস নেই শ্রেয়সের। কারণ তিনি ভালো করেই জানেন যে বিরাট কোহলি দলে ফিরলে তিনি ৩ নম্বরে ব্যাটিং করতে পারবেন না। তিনি নিজেও বললেন, "বিরাট কোহলি বিশ্বের শ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে একজন এবং তিনিই ৩ নম্বরে ব্যাট করবেন। তবে দল চাইলে আমি যে কোনও জায়গায় ব্যাটিংয়ের জন্য প্রস্তুত আছি।"

ম্যাচ জিতে অধিনায়ক রাহুল বলেন, আমরা কয়েকটি ক্যাচ ফেলেছি। কিন্তু ফ্লাডলাইটের নিচে ফিল্ডিং করা শারীরিকভাবে কঠিন। প্রতিটা খেলোয়াড়কে ফিট রাখার জন্য আমাদের দল যথাসাধ্য চেষ্টা করছে। মাঝে মাঝে এই ভুলগুলো হয়। ভুল ত্রুটি সবসময়ই থাকে। আমরা এটা থেকে শিখবো। এটা ভুলগুলো শোধরাবো এবং পরের ম্যাচে আরও ভালো করার চেষ্টা করব।"












Click it and Unblock the Notifications