India vs Australia: রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাল ৫ ক্রিকেটারকে পাচ্ছে না ভারত, রোহিত-বিরাট খেলবেন
India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে কাল রাজকোটে খেলতে নামছে ভারত। মোহালি ও ইন্দোরে জেতার সুবাদে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে ফেলেছে বিশ্বের ১ নম্বর দল।
৮ অক্টোবর অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর আগে কালই শেষবার ক্যাঙারু-বাহিনীর বিরুদ্ধে মহড়া সেরে নেওয়ার সুযোগ পাবে মেন ইন ব্লু। যদিও নিয়মরক্ষার ম্যাচে হোয়াইটওয়াশ লক্ষ্য হলেও পূর্ণশক্তির দল নামাচ্ছে না ভারত।

আগেই ঠিক হয়ে গিয়েছিল রাজকোটের ম্যাচে খেলবেন না শুভমান গিল ও শার্দুল ঠাকুর। অক্ষর প্যাটেলের চোটও পুরোপুরিভাবে সারেনি। হার্দিক পাণ্ডিয়ার খেলার কথা ছিল তৃতীয় ওডিআইয়ে। তবে তিনিও খেলবেন না। বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকেও। ফলে মহম্মদ সিরাজ এই প্রথম চলতি সিরিজে নামতে পারেন।
রোহিত শর্মা কালকের ম্যাচে নেতৃত্ব দেবেন। বিরাট কোহলিও ফিরছেন একাদশে। এশিয়ান গেমসে ভারতীয় দলের কালই হাংঝৌর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। ফলে ঋতুরাজ গায়কোয়াড়ের জায়গাতেই একাদশে আসবেন রোহিত। বিরাট কোহলি দলে এলে কে বাইরে থাকবেন সেটাই দেখার। শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল সকলেই রানের মধ্যে আছেন।

অক্ষর প্যাটেল বাঁ হাতের চোট ভালোভাবেই সেরে উঠছে। তাঁর বিশ্বকাপ খেলতে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে রয়েছেন অক্ষর। জসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে ইন্দোরে ডেকে পাঠানো হয়েছিল মুকেশ কুমারকে। তিনি এশিয়াডের দলেও রয়েছেন।
মুকেশ ও ওয়াশিংটন সুন্দর কালকের ম্যাচের পর চিন যাবেন কি তা স্পষ্ট নয়। এশিয়ান গেমসে ভারতের প্রথম ম্য়াচ অক্টোবরের ৩ তারিখ। অক্ষর যদি ফিট না হন তাহলে তাঁর স্থলাভিষিক্ত হওয়ার জন্য রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটনকে ভেবে রেখেছেন নির্বাচকরা। অশ্বিন অবশ্য অস্ট্রেলিয়া সিরিজে যা বোলিং করছেন তাতে দৌড়ে এগিয়েই আছেন।
জানা যাচ্ছে, প্রয়োজন হলে সৌরাষ্ট্র দলের ক্রিকেটারদের পরিবর্ত হিসেবে ফিল্ডিং করতে মাঠে নামানো হতে পারে।












Click it and Unblock the Notifications